ভাড়াবাড়ি ছেড়ে এবার সরকারি স্কুলে ডিআই অফিস? রবীন্দ্রনগর বালিকা বিদ্যালয় ঘিরে জোর চর্চা

বকেয়া ভাড়ার জট এবং একলাফে ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ার চাপে নতুন ঠিকানার সন্ধানে নামল শিলিগুড়ি শিক্ষা জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর দফতর। দীর্ঘদিন ধরে ভাড়া বকেয়া থাকার মধ্যেই বাড়ির মালিক মাসিক ভাড়া দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্ধিত ভাড়া না দিলে ৯০ দিনের মধ্যে ঘর ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। এই পরিস্থিতিতে ডিআই অফিসকে ভাড়াবাড়ি থেকে সরিয়ে সরকারি স্কুল ভবনে স্থানান্তরের ভাবনা শুরু হয়েছে, যার প্রাথমিক তালিকায় রয়েছে শিলিগুড়ির রবীন্দ্রনগর বালিকা বিদ্যালয়।

বর্তমানে শিলিগুড়ির কলেজপাড়ায় একটি ভাড়াবাড়িতে ডিআই অফিস এবং অ্যাসিস্ট্যান্ট স্কুল ইনস্পেকটরের দফতর চলছে। দুটি দফতরের জন্য এতদিন মাসিক ১৭ হাজার টাকা ভাড়া নির্ধারিত ছিল। তবে ২০২৪ সাল থেকে বিকাশ ভবন থেকে ভাড়ার অর্থ না আসায় নিয়মিত টাকা মেটানো সম্ভব হয়নি। এরই মধ্যে বাড়ির মালিক মাসিক ভাড়া বাড়িয়ে ৩৩ হাজার টাকা করেছেন। হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত টানা ২২ মাসের পুরনো বকেয়া দাঁড়িয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার টাকা; আর বর্ধিত ভাড়া যুক্ত হলে মোট বকেয়ার অঙ্ক ৪ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছাতে পারে।

শিক্ষা দফতর সূত্রে খবর, দ্বিগুণ ভাড়া গুনে সরকারি দফতর চালাতে একেবারেই রাজি নয় বিকাশ ভবন। মৌখিকভাবে সেই বার্তা পাওয়ার পরই অফিস অন্যত্র সরানোর অনুমতি চেয়ে বিকাশ ভবনে চিঠি পাঠিয়েছেন শিলিগুড়ির ডিআই রবীন্দ্রনাথ মণ্ডল। তিনি জানান, ২০২৪ সাল থেকে জমে থাকা বকেয়া ভাড়া মিটিয়ে দেওয়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রবীন্দ্রনগর বালিকা বিদ্যালয়ে দফতর স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে এবং এ বিষয়ে বিকাশ ভবনের অনুমতির অপেক্ষা চলছে।

জানা গেছে, রবীন্দ্রনগর বালিকা বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পঠনপাঠন চললেও পড়ুয়ার সংখ্যা কমে বর্তমানে প্রায় ৩০০-তে নেমে এসেছে। ফলে চারতলা ওই স্কুল ভবনে একাধিক শ্রেণিকক্ষ খালি পড়ে রয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম জানিয়েছেন, ডিআই অফিস স্থানান্তরের বিষয়ে এখনো তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেননি; তবে শিক্ষা দফতরের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

শুধু মাধ্যমিক ডিআই অফিসই নয়, শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদ, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) এবং অবর বিদ্যালয় পরিদর্শকের দফতরগুলিও বর্তমানে ভাড়াবাড়িতে চলছে। কম পড়ুয়া থাকা সরকারি স্কুলগুলিতে সেগুলি সরিয়ে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে, যেখানে বাঘাযতীন কলোনির রাসবিহারী বসু জিএসএফপি বিদ্যালয়সহ আশ্রমপাড়া ও বিধাননগরের কয়েকটি স্কুলকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *