শুধু দেখা নয়, হাতেকলমে ছৌ মুখোশ গড়তে ইতালীয় তরুণী! কী বলছেন শিল্পী ভীম?

দেশ, ভাষা আর সংস্কৃতি আলাদা হলেও শিল্পের প্রতি ভালোবাসা যে কোনও সীমানা মানে না, তা আরও একবার প্রমাণ করলেন এনরিকা। সুদূর ইতালি থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে পুরুলিয়ার চড়িদায় পৌঁছে গিয়েছেন ৩৫ বছর বয়সি এই বিদেশিনী। কেবল ছৌ মুখোশের সৌন্দর্য দেখাই নয়, এই লোকশিল্পের প্রতিটি খুঁটিনাটি নিজের হাতে শিখতে চান তিনি।
ইতালির মিলানের বাসিন্দা এনরিকা পেশায় একজন ট্যুর গাইড। বিভিন্ন দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য জানার আগ্রহ তাঁর দীর্ঘদিনের। সেই কৌতূহল থেকেই ভারতের লোকশিল্প নিয়ে ইন্টারনেটে খোঁজখবর করতে করতে তাঁর নজরে আসে পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ। ছৌ মুখোশের শিল্পকৌশল তাঁকে এতটাই আকৃষ্ট করে যে, সরাসরি শিল্পীদের কাছে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সেই ইচ্ছেপূরণ করতেই গত ১৮ নভেম্বর বাঘমুণ্ডি ব্লকের চড়িদা গ্রামে পৌঁছান এনরিকা। বর্তমানে বিশিষ্ট মুখোশ শিল্পী ভীম সূত্রধরের কাছে চলছে তাঁর হাতেকলমে প্রশিক্ষণ। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ছ’ঘণ্টা ধরে চলে শেখার পালা। কখনও মুখোশে রঙের প্রলেপ দেওয়া, আবার কখনও মুখের অভিব্যক্তি ফুটিয়ে তোলার কাজ রপ্ত করছেন তিনি।
এনরিকার আগ্রহ শুধু মুখোশ গড়ার কারিগরিতেই আটকে নেই। কোন মুখোশ ছৌ নাচের, কোনটা পালায় ব্যবহার করা হয়, এর নেপথ্যে কী ইতিহাস রয়েছে এবং কীভাবে মাটি, কাগজ ও কাপড়ের মিশ্রণে এই শিল্পকর্ম তৈরি হয়, সবকিছুই খুঁটিয়ে বোঝার চেষ্টা করছেন তিনি।
শিল্পী ভীম সূত্রধর জানান, প্রথমে মোবাইলে যোগাযোগ করেছিলেন এনরিকা। ভেবেছিলেন, হয়তো মুখোশ কেনার আগ্রহ রয়েছে তাঁর। কিন্তু পরে ফোনে জানতে পারেন, মুখোশ তৈরি শিখতেই ইতালি থেকে আসতে চান তিনি। এরপর তাঁকে যাতায়াতের পথঘাট বুঝিয়ে দেন ভীম। এনরিকা স্থানীয় একটি লজে থাকলেও কাজের সুবিধে বা অসুবিধের সময় ভীমের বাড়িতেও থেকে যান। অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে বেশ মিশে গিয়েছেন তিনি।
এনরিকা জানান, ভারতের লোকশিল্প তাঁকে বরাবরই টানে। ১২ বছর আগে প্রথম ভারতে এসেছিলেন তিনি। এরপর রাজস্থান, কেরল, উত্তরপ্রদেশ, অসম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়েছেন। তবে ছৌ মুখোশের বিশেষ অভিব্যক্তি এবং কারুকাজ তাঁকে আলাদাভাবে মুগ্ধ করেছে। দেশে ফিরে নিজের শিল্পচর্চায় ছৌ মুখোশের কিছু বৈশিষ্ট্য ব্যবহার করতে চান তিনি। পাশাপাশি, কয়েকটি মুখোশ ইতালিতে নিয়ে গিয়ে সেখানকার মানুষের সামনে এই শিল্প তুলে ধরার ইচ্ছেও রয়েছে তাঁর।
এই বিষয়ে পুরুলিয়ার ছৌ গবেষক উৎপল কুমার দাসের মতে, বিদেশ থেকে শিল্পের পাঠ নিতে চড়িদায় আসা নিঃসন্দেহে এই লোকশিল্পের আন্তর্জাতিক পরিচিতিকে আরও শক্তিশালী করবে।
একদিকে অযোধ্যা পাহাড়ের পাদদেশে শিল্পীদের নিরলস সাধনা, অন্যদিকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে সেই শিল্প শেখার টানে ছুটে আসা এক বিদেশিনী। এনরিকার এই সফর শুধু একজন বিদেশি ছাত্রীর শিল্পশিক্ষার গল্প নয়, পুরুলিয়ার লোক ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক শিল্পজগতের এক নতুন সেতুবন্ধন।