প্রোটিনের নামে চলছে ‘প্রোটিন ওয়াশিং’? চকলেটের মতো চিনি খেয়ে ফেলছেন না তো!

প্যাকেটে ‘প্রোটিন’ লেখা থাকলেই খাবারটি স্বাস্থ্যকর হয়ে যায় না। আজকাল সুপারমার্কেটে গেলেই দেখা যায় প্রোটিন বার, প্রোটিন কুকিজ, প্রোটিন চিপস সহ নানা খাবারের গায়ে বড় করে লেখা ‘High Protein’। কিন্তু সত্যিই কি এগুলো স্বাস্থ্যকর? পুষ্টিবিদদের মতে, প্রোটিনের নামে অনেক সংস্থাই ‘প্রোটিন ওয়াশিং’ করছে। সামান্য প্রোটিন মিশিয়ে বেশি দামে খাবার বিক্রি করা হচ্ছে, অথচ ভিতরে থাকছে প্রচুর চিনি, নুন এবং ক্ষতিকর ফ্যাট।

তাই কেনার আগে প্যাকেটের পিছনের নিউট্রিশন লেবেল অবশ্যই খতিয়ে দেখা উচিত। প্রথমেই দেখতে হবে প্রতি ১০০ গ্রামে কত গ্রাম প্রোটিন রয়েছে। ১০ গ্রামের কম প্রোটিন থাকলে সেটিকে হাই প্রোটিন বলা যায় না। অন্তত ১৫ থেকে ২০ গ্রাম প্রোটিন থাকলে তবেই খাবারটি কিছুটা ভালো বলে ধরা যায়।

দ্বিতীয়ত, চিনির পরিমাণের দিকে নজর দিতে হবে। অনেক প্রোটিন বারে ২০ গ্রাম প্রোটিনের পাশাপাশি ২৫ গ্রাম পর্যন্ত চিনি থাকে, যা কার্যত একটি চকলেটের সমান। পুষ্টিবিদদের মতে, চিনি ৫ গ্রামের কম থাকাই ভালো।

তৃতীয়ত, খাবারের উপকরণের তালিকা বা Ingredients যাচাই করা জরুরি। তালিকার শুরুতেই যদি চিনি, গ্লুকোজ সিরাপ, পাম অয়েল বা ময়দা থাকে, তবে খাবারটি স্বাস্থ্যকর নয়। প্রোটিনের উৎস কী, তাও দেখা দরকার। হুই প্রোটিন, পি প্রোটিন বা সোয়া প্রোটিন ভালো উৎস হিসেবে বিবেচিত হয়। কিন্তু শুধু কোলাজেন বা জেলাটিন দিয়ে প্রোটিন বাড়ানো হলে তার গুণমান তুলনামূলক কম হয়।

চতুর্থত, ফাইবার ও ফ্যাটের পরিমাণ দেখা প্রয়োজন। ফাইবার অন্তত ৩ থেকে ৫ গ্রাম থাকা ভালো, আর স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স ফ্যাট যত কম থাকে ততই শরীরের পক্ষে ভালো। সবশেষে ক্যালোরির হিসাবও দেখতে হবে। একটি ছোট বারে যদি ৩০০ থেকে ৪০০ ক্যালোরি থাকে, তবে সেটি আর সাধারণ স্ন্যাকস থাকে না, বরং পুরো একটি মিলের সমান হয়ে যায়। তাই প্যাকেটের সামনের বড় লেখায় না ভুলে পিছনের ছোট লেখাটাই ভালো করে পড়ে নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *