ফোনে কথা বলতে বলতেই চরম পদক্ষেপ? বাগানবাড়ি থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য, জেরায় বন্ধু

বাগানবাড়ি থেকে এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে রাজারহাটের কালিকাপুর আটঘরা এলাকায়। মৃতের নাম বর্ষণ জানা। তিনি পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দেহ উদ্ধারের সময় দেখা যায়, ওই ছাত্রের কানে তখনও ব্লুটুথ হেডফোন গোঁজা রয়েছে এবং পাশেই মাটিতে পড়ে রয়েছে তাঁর মোবাইল ফোন। কারও সঙ্গে ফোনে কথা বলা বা ভিডিয়ো কলে থাকাকালীনই তিনি চরম পদক্ষেপ নিয়েছেন বলে প্রাথমিক অনুমান।
মৃত্যুর নেপথ্যে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে রাজারহাট থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পটাশপুরের বাসিন্দা বর্ষণ জানা কালিকাপুর আটঘরা এলাকার একটি বাগানবাড়িতে বেশ কিছুদিন ধরে ভাড়া নিয়ে থাকছিলেন। দিন দু’য়েক আগে গ্রাম থেকে তাঁর এক বন্ধু সেখানে আসেন। রাতে খাওয়াদাওয়ার পর দুই বন্ধু একই ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভেঙে বন্ধুটি দেখেন, ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে রাখা হয়েছে।
কোনও উপায় না দেখে তিনি ফোন করে পাশের এক বাসিন্দাকে বিষয়টি জানান। সেই প্রতিবেশী এসে দেখতে পান, বাগানবাড়ির ভিতরের একটি গাছে ঝুলন্ত অবস্থায় রয়েছে বর্ষণের দেহ। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ। প্রথমে বাইরে থেকে বন্ধ দরজার ছিটকিনি খুলে ঘরে আটকে থাকা ওই যুবককে বাইরে বের করে নিয়ে আসে পুলিশ।
এরপর গাছ থেকে বর্ষণের দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কী কারণে এমন ঘটনা ঘটল এবং রাতের অন্ধকারে ঠিক কী ঘটেছিল, তা জানতে মৃতের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি খতিয়ে দেখা হচ্ছে যে শেষবার কার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছিল।
রাজারহাট থানার এক পুলিশ আধিকারিক জানান, দেহটি উদ্ধারের সময় কানে হেডফোন লাগানো ছিল এবং পাশেই মোবাইল ফোনটি পড়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কারও সঙ্গে কথা বলতে বলতে বা ভিডিয়ো কলে থাকা অবস্থাতেই এই ঘটনা ঘটে থাকতে পারে। ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বন্ধুটি কেন বাইরে থেকে দরজা বন্ধ করেছিলেন এবং রাতের ঘটনাটি কী, তা জানতে মৃতের বন্ধুকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।