রাতের অন্ধকারে ট্রেন লক্ষ্য করে হামলা? কামরায় ঢুকল ইটের টুকরো, তদন্তে খড়গপুর জিআরপি

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ঢোকার ঠিক আগেই চলন্ত ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। মঙ্গলবার রাতে ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। অভিযোগ, জকপুর স্টেশন পেরিয়ে হাতিগোলা ব্রিজের কাছে ট্রেনটিকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। হামলায় ট্রেনের ডি-৮ কামরার একটি জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়, এমনকী জানলার লোহার শিকও বেঁকে যায়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীদের দাবি, ট্রেনটি যখন হাতিগোলা ব্রিজের কাছে পৌঁছয়, তখন বাইরে থেকে পাথর বা ইটের বড় বড় টুকরো ছোড়া হয়। সেই প্রবল আঘাতে ডি-৮ কামরার জানলার কাচ ভেঙে যায় এবং কামরার ভিতরে ইটের টুকরো এসে পড়ে। জানা গিয়েছে, ঘটনার সময় ট্রেনটি খড়গপুর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ছিল।

সবচেয়ে উদ্বেগের বিষয় হল, যে জানলার কাচ ভেঙে যায়, তার ঠিক পাশেই বসেছিলেন এক তরুণী। তবে অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান তিনি। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। তবু চলন্ত ট্রেনের কামরার ভিতরে ইটের টুকরো ঢুকে পড়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরায়।

ঘটনার কিছুক্ষণ পর খড়গপুর জিআরপিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জিআরপির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখেন। কারা, কী কারণে এবং কীভাবে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় ফের রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে ট্রেন যখন জনবসতিপূর্ণ এলাকার পাশ দিয়ে চলাচল করে, তখন এ ধরনের ঘটনা যাত্রীদের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এই ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *