৭ দিনের আপত্তির সময় কেন? ওয়ার্ড পুনর্বিন্যাসে প্রশাসকের ক্ষমতা নিয়ে সুপ্রিম কোর্টে কড়া প্রশ্নের মুখে রাজ্য

পুরভোট কবে হবে, তা নিয়ে নানা জল্পনার মাঝেই আজ সুপ্রিম কোর্টে ফের হতে চলেছে শুনানি। পুরভোট সংক্রান্ত জোড়া মামলায় এর আগে সোমবার সুপ্রিম কোর্টে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকার ও পুরসভাকে। কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। অন্যদিকে, হাওড়া পুরসভা নিয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে প্রশাসনিক যে কোনও সিদ্ধান্তের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার ফলাফলের ওপর।
গত শুনানিতে সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলে, আপত্তি জানানোর জন্য কেন ৭ দিন সময় দেওয়া হয়েছিল? এটি অত্যন্ত অযৌক্তিক। ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কীভাবে করলেন প্রশাসক, তাঁর তো ক্ষমতাই নেই—কলকাতা পুরভোট সংক্রান্ত শুনানিতে এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।
বিশেষ করে ওয়ার্ডের সীমানা বদলের ক্ষেত্রে আপত্তি জানানোর জন্য মাত্র সাত দিনের সময় দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। আদালতের মতে, ওয়ার্ডের সীমানা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে মতামত জানানোর জন্য আরও বেশি সময় দেওয়া উচিত ছিল।
১৪৪ থেকে ২০৯ ওয়ার্ড—বিতর্কের সূত্রপাত কোথায়? কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্ত ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসকের দায়িত্বে রয়েছেন স্মিতা পাণ্ডে। এই পরিস্থিতিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কীভাবে করা হলো, তা নিয়েই আপত্তি তুলেছেন মামলাকারীরা।
সুপ্রিম কোর্টের প্রশ্নের জবাবে রাজ্য সরকারের আইনজীবী তুষার মেহতা জানান, এ বিষয়ে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নেওয়ার পাশাপাশি আপত্তি জানানোর জন্য আধিকারিকদের নিয়ে ১০টি ডেস্ক তৈরি করা হয়েছিল। রাজ্যের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে মোট ২৮৫টি আপত্তি জমা পড়েছিল এবং সেগুলোর শুনানিও হয়েছে। শুনানিতে ৭০ জন উপস্থিত না থাকায় তাঁদের দ্বিতীয়বার নোটিস পাঠানো হয়েছিল। অর্থাৎ, গোটা প্রক্রিয়ায় আপত্তি জানানোর সুযোগ দেওয়া হয়েছিল বলেই আদালতে দাবি করে রাজ্য।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্ট কলকাতা পুরভোটের বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। কলকাতা পুরসভার তরফেও পৃথকভাবে আবেদন জানানো হয়।