যৌন সক্ষমতা স্বাভাবিক থাকলেও দুর্বল হতে পারে শুক্রাণু! প্রজনন স্বাস্থ্য নিয়ে কোন ভুল ধারণায় ভুগছেন পুরুষরা?

তরুণ-তরুণীরা অনেক সময় গর্ভনিরোধক বা ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধির মতো ব্যবহারিক বিষয় নিয়ে সচেতন থাকেন। কিন্তু প্রজননতন্ত্র ঠিক কীভাবে কাজ করে, সে বিষয়ে অনেকেরই মৌলিক বৈজ্ঞানিক ধারণার ঘাটতি দেখা যায়। উদাহরণ হিসেবে বলা যায়, পরবর্তী ঋতুস্রাব কবে হতে পারে তা আন্দাজ করতে ডিম্বস্ফোটন প্রক্রিয়া নিয়ে গভীর জ্ঞানের দরকার হয় না। নিজের ঋতুচক্রের সময়কাল এবং শরীরে দেখা দেওয়া পরিবর্তনগুলো খেয়াল করলেই মোটামুটি একটা ধারণা পাওয়া যায়।
অন্যদিকে, অনেক পুরুষের মধ্যে এমন একটি ভুল ধারণা রয়েছে যে ভালো যৌন সক্ষমতা বা লিঙ্গোত্থানের ক্ষমতার সঙ্গে উচ্চ প্রজনন ক্ষমতার সরাসরি যোগসূত্র আছে। বাস্তবে এটি সম্পূর্ণ ভুল। প্রজনন ক্ষমতার সঙ্গে যৌন সক্ষমতার কোনও সম্পর্ক নেই; বরং তা নির্ভর করে শুক্রাণুর স্বাস্থ্যের ওপর, যার মধ্যে রয়েছে শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা এবং গঠন। কারও যৌন সক্ষমতা স্বাভাবিক থাকলেও শুক্রাণুর গুণমান খারাপ থাকা মোটেও অসম্ভব নয়। প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতার এই অভাব বছরের পর বছর ধরে চলতে পারে, কারণ সাধারণত উদ্বেগজনক কোনো উপসর্গ দেখা দিলে বা পরিবার গঠনের পরিকল্পনা শুরু হলেই মানুষ এ বিষয়ে কথা বলেন।
মহিলাদের ঋতুচক্রের ধরণ কী ইঙ্গিত দিতে পারে? রায়পুরের বিড়লা ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ-এর প্রজনন বিশেষজ্ঞ ডাঃ নমিতা চন্দ্র ভার্মা জানান, ঋতুচক্র থেকে হরমোনজনিত স্বাস্থ্য এবং ডিম্বস্ফোটন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মেলে। প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক ঋতুচক্র সাধারণত ২১ থেকে ৩৫ দিনের মধ্যে হয়ে থাকে। তবে ঋতুস্রাব যদি নিয়মিতভাবে ৪৫ থেকে ৫০ দিনের ব্যবধানে হয়, তবে তা অনিয়মিত ডিম্বস্ফোটনের ইঙ্গিত হতে পারে। এর পেছনে পিসিওএস, থাইরয়েডজনিত সমস্যা বা প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার মতো কারণ থাকতে পারে। এ ছাড়া ঋতুস্রাবকালীন ব্যথা যদি খুব তীব্র হয়, সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বা দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি করে, তবে সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত। যেমন এন্ডোমেট্রিওসিসের কারণে শ্রোণি অঞ্চলে তীব্র ব্যথা হতে পারে এবং কিছু নারীর ক্ষেত্রে এটি প্রজনন ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে। যদিও এসব লক্ষণ থাকলেই যে কেউ বন্ধ্যা হবেন এমন নয়, তবে কারণ খুঁজলে এমন অনেক শারীরিক সমস্যা ধরা পড়ে, যা আগে অজানা থেকে যেত বা চিকিৎসার বাইরে থাকত।
ডাঃ নমিতা চন্দ্র ভার্মা আরও উল্লেখ করেন, প্রজনন ক্ষমতার পরিবর্তন সব সময় স্পষ্ট বোঝা যায় না। ঋতুচক্রের উপসর্গ কিছু সমস্যার দিকে ইঙ্গিত করলেও এমন অনেক পরিবর্তন ঘটে, যার সঙ্গে ঋতুচক্রের সরাসরি যোগ নেই। নারীরা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে জন্মান এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর সংখ্যা ও গুণমান দুটোই কমতে থাকে। ৩৫ বছর বয়সের পর এই কমার হার আরও স্পষ্ট হয়ে ওঠে, যদিও ব্যক্তিভেদে এর গতি আলাদা হতে পারে। এমনও হতে পারে যে, ডিম্বাশয়ে ডিম্বাণুর মজুদ কমতে শুরু করেছে, অথচ তখনও নিয়মিত মাসিক হচ্ছে। ভবিষ্যতে গর্ভধারণের পরিকল্পনা থাকলে এই বিষয়টি মাথায় রাখা জরুরি। কারণ সামগ্রিকভাবে সুস্থ থাকা বা নিয়মিত ঋতুস্রাব হওয়ার অর্থ এই নয় যে প্রজনন সক্ষমতা একই রকম রয়েছে।
পুরুষের প্রজনন স্বাস্থ্য কেন প্রায়ই উপেক্ষিত থাকে? ডাঃ নমিতা চন্দ্র ভার্মা ব্যাখ্যা করেন, প্রজনন-সংক্রান্ত পরিবর্তন শুধু মহিলাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরুষদের ক্ষেত্রেও কোনও স্পষ্ট লক্ষণ ছাড়াই প্রজনন স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। স্বাভাবিক যৌন সক্ষমতা থাকলেই শুক্রাণুর সংখ্যা, গতিশীলতা বা গুণমান স্বাভাবিক থাকবে—এমনটা নিশ্চিত করে বলা যায় না।
এ ছাড়া প্রজনন সক্ষমতা যাচাইয়ের পরীক্ষাগুলো নিয়েও সঠিক ধারণা থাকা দরকার। স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সহজে পাওয়ায় এখন মানুষ এসব পরীক্ষা সম্পর্কে অনেক কিছু জানেন, কিন্তু প্রায়ই ফলাফল ভুলভাবে ব্যাখ্যা করেন। উদাহরণস্বরূপ, এএমএইচ পরীক্ষা ডিম্বাশয়ে ডিম্বাণুর মজুদ এবং ডিম্বাশয় উদ্দীপনার প্রতি সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। কিন্তু এটি একা স্বাভাবিক গর্ভধারণের সম্ভাবনা কিংবা একজন নারীর প্রজনন ক্ষমতা আর কত বছর বাকি আছে, তা নিশ্চিত করে বলতে পারে না।
ডাঃ নমিতা চন্দ্র ভার্মার মতে, সঠিক সময়ে প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষা পেলে মানুষ সম্ভাব্য সমস্যা শুরুতেই চিনতে পারেন এবং সময়মতো প্রতিকারের ব্যবস্থা নিতে পারেন। এতে বিভিন্ন লক্ষণ বোঝা, বয়সজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন থাকা এবং কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে—সে বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি হয়।