বকেয়া কর ও অতিরিক্ত ফিতে ছাড়! আটকে থাকা রাজস্ব ফেরাতে বিশেষ প্রকল্প আনল পরিবহণ দফতর

রাজ্যের বাণিজ্যিক গাড়ির মালিকদের জন্য বড়সড় স্বস্তির খবর। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক গাড়ির বকেয়া রোড ট্যাক্স সম্পূর্ণ জমা দিলে এবং সার্টিফিকেট অফ ফিটনেস (CF) করিয়ে নিলে অতিরিক্ত জরিমানা দিতে হবে না বলে জানিয়েছে পরিবহণ দফতর। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা বাণিজ্যিক যানবাহনের মালিকদের অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বকেয়া কর মেটানো হলে অর্থ প্রদানের তারিখ পর্যন্ত জমে থাকা জরিমানার সম্পূর্ণ ১০০ শতাংশ মকুব করা হবে। পাশাপাশি সময়মতো ফিটনেস সার্টিফিকেট বা সিএফ পুনর্নবীকরণ না করার ক্ষেত্রে ধার্য অতিরিক্ত ফিতেও আংশিক ছাড় দেওয়া হয়েছে। এই সুবিধার জন্য ‘One Time Waiver Scheme 2026-27 for Penalty on due taxes and partial waiver of additional fees’ চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক যানবাহনের মালিকরা বকেয়া কর পরিশোধ ও সিএফ নবীকরণের আবেদন করলে এই ছাড় পাবেন। গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময়মতো কর ও ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণে মালিকদের উৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের বাণিজ্যিক গাড়ির মালিকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে রোড ট্যাক্স না দিয়েই গাড়ি চালাচ্ছেন। আবার অনেকের ক্ষেত্রে বৈধ সিএফও নেই। অর্থাভাবে কর দিতে না পেরে বহু মালিককে একটা সময়ে গাড়ি বসিয়ে দিতে বাধ্য হতে হয়েছে—এমন নজিরও রয়েছে। ফলে নতুন এই ছাড়ের সিদ্ধান্ত সেইসব মালিকদের জন্য বড় সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে বাণিজ্যিক যানবাহনের রোড ট্যাক্স জমা না পড়ায় রাজকোষে প্রাপ্য বিপুল পরিমাণ রাজস্ব বছরের পর বছর বকেয়া থেকে গেছে। এর জেরে দফতরের প্রশাসনিক ও পরিকাঠামোগত কাজেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। রাজ্য সরকারের এই বিশেষ ছাড়ের প্রকল্পে একদিকে যেমন বকেয়া রাজস্ব আদায়ের পথ সুগম হবে, তেমনই অন্যদিকে গাড়ি মালিকদেরও বাড়তি জরিমানার বোঝা থেকে রেহাই মিলবে।