চোখে কাপড় বেঁধে গর্ভগৃহে প্রবেশ! ৬ মাসের জন্য বন্ধ হল চমোলির বিখ্যাত লাটু দেবতা মন্দির

চমোলা জেলার ওয়ান গ্রামে অবস্থিত বিখ্যাত লাটু দেবতা মন্দিরের দরজা মঙ্গলবার পূর্ণ ধর্মীয় রীতিনীতি ও পরম্পরা মেনে ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দরজা বন্ধ হওয়ার মুহূর্তে মন্দির প্রাঙ্গণে ভক্তি ও বিশ্বাসের এক বিশেষ পরিবেশ তৈরি হয়। মন্দিরের পুরোহিত খিম সিং চোখে কাপড় বেঁধে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন, প্রথা অনুযায়ী প্রদীপ জ্বালান এবং এরপর মূল দরজা বন্ধ করে দেন। দরজা বন্ধ হতেই পুরো এলাকা লাটু দেবতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
সকাল থেকেই মন্দির চত্বরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছিল। এই উপলক্ষে পুজো, যজ্ঞ ও নানা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। গ্রামবাসী এবং দূরদূরান্ত থেকে আসা ভক্তরা লাটু দেবতাকে ভোগ নিবেদন করে এলাকার সুখ ও সমৃদ্ধির কামনা করেন। দরজা বন্ধ হওয়ার এই ধর্মীয় আয়োজনে কয়েকশো ভক্ত অংশ নেন।
লাটুধাম মন্দির কমিটির সভাপতি কৃষ্ণ বিষ্ট জানান, ধর্মীয় পরম্পরা অনুসারে শীতকালের জন্য মন্দিরের দরজা বন্ধ করা হয়েছে। গ্রাম প্রধান নন্দুলি দেবী জানান, এই আয়োজনে সমস্ত গ্রামবাসী সহযোগিতা করেছেন। এলাকার মানুষের লাটু দেবতার প্রতি গভীর আস্থা রয়েছে এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী তাঁর আশীর্বাদ সবসময় এই অঞ্চলের ওপর থাকে।
জনশ্রুতি অনুযায়ী, মন্দিরের গর্ভগৃহে নাগমণি রয়েছে। সেই রীতি মেনেই পুরোহিত চোখে কাপড় বেঁধে ভেতরে যান। তাঁর ছাড়া অন্য কারও গর্ভগৃহে প্রবেশের অনুমতি নেই। ভক্তরাও প্রায় ১২ মিটার দূর থেকেই দর্শন সারেন।
নারায়ণবগড় থেকে আসা ভক্ত সন্দীপ কুমার জানান, লাটু দেবতার প্রতি মানুষের গভীর বিশ্বাস রয়েছে। আন্তরিক মনে পুজো করলে ভক্তদের মনোস্কামনা পূর্ণ হয় বলে প্রচলিত বিশ্বাস।
উল্লেখ্য, ওয়ানের লাটুধাম মা নন্দা দেবীর ধর্মীয় পরম্পরা এবং নন্দা দেবী রাজযাত্রার সঙ্গে বিশেষভাবে যুক্ত। আগামী ছয় মাস মন্দির বন্ধ থাকবে এবং সামনের বছর বৈশাখ পূর্ণিমার সময় ভক্তদের জন্য আবার খুলে দেওয়া হবে।