নিজেকে প্রথমে গায়ক বলতেই স্বচ্ছন্দ বোধ করি”—‘রামায়ণ: পার্ট ১’-এর সাফল্যে কী জানালেন অর্ণব?

‘রামায়ণ: পার্ট ১’-এর সঙ্গীত পরিচালনায় রয়েছেন এআর রহমান এবং হ্যান্স জ়িমারের মতো বিশ্বখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব। তাঁদের পাশেই নিজের জায়গা করে নিয়েছেন কোন্নগরের সঙ্গীতশিল্পী অর্ণব দত্ত। ছবিটি মুক্তির পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে তাঁর সুর করা ‘অবধ কে রাম চলে’ গানটি। দীর্ঘ তিন বছর ধরে এই গানের সুর তৈরির কাজ করেছেন অর্ণব। সেই সফর ও অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি খোলামেলা কথা বলেছেন তিনি।
সংগ্রামের দিন ও ‘রামায়ণ’-এ কাজের সুযোগ
সঙ্গীতের যাত্রাপথ নিয়ে বলতে গিয়ে অর্ণব জানান, তাঁর প্রথম ব্রেক এসেছিল হিন্দি ছবি ‘১৯২১’-এর মাধ্যমে। ২০১৮ সালে ওই ছবির তিনটি গান—‘সুনলেজারা’, ‘ইয়ারা’ এবং ‘কুছ ইস্তারা’ বেশ জনপ্রিয় হয়। পরের বছর ‘রসগোল্লা’ ছবির ‘টাপুর টুপুর’ গানটিও শ্রোতাদের প্রশংসা কুড়োয় এবং তিনি এনএবিসি অ্যাওয়ার্ড পান। তবে এর মাঝে দীর্ঘ সময় সেভাবে কাজ না থাকায় কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে।
‘রামায়ণ’-এ যুক্ত হওয়ার প্রসঙ্গে অর্ণব বলেন, প্রায় ১৪ বছর ধরে মুম্বইয়ে থাকায় অনেকের সঙ্গে কাজের সম্পর্ক তৈরি হয়েছে। ‘রামায়ণ’-এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গেও আগে থেকে পরিচয় ও কাজের যোগ ছিল, যাঁরা তাঁর কাজের ধরন সম্পর্কে জানতেন। সেই সূত্রেই একটি ড্রাফট দেওয়া হয় এবং তা নিয়ে কাজ করতে করতেই চূড়ান্ত সুযোগ তৈরি হয়।
আর্থিক প্রতিকূলতা ও ‘অবধ কে রাম চলে’র সুর ভাবনা
কোন্নগর থেকে মুম্বইয়ের সঙ্গীত জগতে পাড়ি জমানোর দীর্ঘ সফরে কখনও হাল ছাড়ার কথা ভাবেননি বলে জানান অর্ণব। তাঁর কথায়, “না, আর পারব না, এমনটা কখনও ভাবিনি। তবে এমন পরিস্থিতি অনেকবার এসেছে, যখন মনে হয়েছে, এর পর কী করব? সেটা স্বাভাবিক। কারণ, আমি এমন একটি পারিবারিক পরিমণ্ডল থেকে এসেছি, যেখানে আর্থিক বাধা একটা বড় বিষয় ছিল। ফলে নানা সময়ে আর্থিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। বরং পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটাই ভেবেছি।”
‘অবধ কে রাম চলে’ গানটির সুর তৈরির শুরুর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অর্ণব বলেন, সে সময় তিনি নিজেও আর্থিক কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। তাঁর কাছে শুধু রামের একটি বর্ণনা ছিল এবং ছোটবেলা থেকে রামকে ঘিরে মনে যে আবেগ তৈরি হয়েছে, সেটাই গানটির কম্পোজিশনে ফুটে উঠেছে। আলাদা করে সঙ্গীত ভাবনায় বড় কোনও বদল আনতে হয়নি বলেও জানান তিনি।
রাগ, গায়ক ও প্রযোজকের প্রসঙ্গ
গানটির সুরে আধুনিক উপস্থাপনার পাশাপাশি ভারতীয় লোকসঙ্গীতের প্রভাব রয়েছে বলে জানান অর্ণব। পাশাপাশি ভৈরবী, কিরওয়ানি এবং চারুকেশির মতো রাগের মিশ্র প্রয়োগ দেখা গেছে এতে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অভয় যোধপুরকর, যিনি তামিল সংস্করণ ‘মঙ্গলরঙ’-ও গেয়েছেন। অর্ণবের মতে, অভয় খুব ভালো গায়ক এবং গানটি নিয়ে তিনি উচ্ছ্বসিত।
নমিত মালহোত্রার মতো প্রযোজকের বড় প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতাকে ইতিবাচক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি—যাতে এমন কিছু তৈরি করা যায়, যা দীর্ঘদিন শ্রোতাদের মনে থেকে যায়। ২০১২ সালে পাকাপাকিভাবে মুম্বইয়ে এলেও ২০১৫ সাল থেকেই বলিউডে কাজ করছেন তিনি। ‘লাভ বাইটস’, ‘মায়া’ সিরিজ় বা ‘টুইস্টেড’ সিরিজ়ের মতো কাজের অভিজ্ঞতা এবং সাম্প্রতিক সময়ে ‘বহুরূপী’-সহ বাংলা ছবির কাজ তাঁকে সমৃদ্ধ করেছে বলে জানান অর্ণব।
কোন্নগরের আবেগ ও গায়ক সত্তা
নিজের সাফল্যে কোন্নগরের মানুষের প্রতিক্রিয়ায় আপ্লুত অর্ণব। তাঁর মতে, স্থানীয় মানুষের প্রত্যাশা ও স্বপ্নেরই প্রতিফলন ঘটেছে এই সাফল্যে। তবে সুরকার ও গায়কের মধ্যে নিজেকে গায়ক হিসেবেই বেশি স্বচ্ছন্দ মনে করেন তিনি। অর্ণবের কথায়, মিউজ়িক ডিরেক্টরের কাজ অনেক বেশি পরিশ্রমের, আর ভবিষ্যতে নির্দিষ্ট কোনও পরিচালক বা সঙ্গীত পরিচালকের বদলে দূরদর্শী মানুষের সঙ্গে ভালো ও দীর্ঘস্থায়ী কাজ করারই স্বপ্ন দেখেন তিনি।