‘নোংরা’ ব্যক্তিগত আক্রমণের অভিযোগ! তনুশ্রী-জীতু-রাজবীরের ঝামেলায় সরগরম বিগ বসের ঘর

বিগ বসের ঘরে ক্যাপ্টেন্সির লড়াই এবার গড়াল ব্যক্তিগত আক্রমণে। শেষ ক্যাপ্টেন্সি টাস্ক ঘিরে প্রতিযোগীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। তনুশ্রীকে ক্যাপ্টেন হওয়ার অযোগ্য বলে দাবি করে তাঁর গ্লাসে সবুজ জল ঢালেন রাজবীর। এই পর্ব চলাকালীনই তনুশ্রীর মেয়ের প্রসঙ্গ উঠে আসে এবং জীতুর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে। সেই সূত্রেই ‘দাদা’-কে ‘তনুশ্রীর স্বামী’ বলে উল্লেখ করেন জীতু, যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

টাস্কের নিয়ম অনুযায়ী, ক্যাপ্টেন্সির দাবিদার প্রতিযোগীদের গ্লাসে অন্যরা সবুজ জল ঢেলে তাঁদের অযোগ্যতার কারণ ব্যাখ্যা করছিলেন। সেই সময় তনুশ্রীকে নিশানা করে রাজবীর অভিযোগ করেন, তনুশ্রী ক্যাপ্টেন থাকাকালীন বাথরুম ও রান্নাঘর নিয়ে নানা সমস্যা হয়েছিল। রাজবীরের মতে, ক্যাপ্টেন্সি মানে নিজস্ব মতামত থাকা, ভিড়ের কথায় সুর মেলানো নয়। সকালে উঠে চা বা খাবার বানিয়ে দেওয়াকেও ক্যাপ্টেন্সি বলে মানতে চাননি তিনি। পাল্টা তনুশ্রী জানান, এটি তাঁর ব্যক্তিত্বের একটি অংশ এবং একজন ক্যাপ্টেনের নিরপেক্ষভাবে সবার পাশে থাকা উচিত। বাথরুম অপরিষ্কার থাকার অভিযোগ নিয়েও প্রশ্ন তুলে তিনি জানতে চান, আগে কেন তাঁকে জানানো হয়নি?

এরপর তনুশ্রীর বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে জীতু সৃজলার প্রসঙ্গও তোলেন। তাঁর দাবি, তনুশ্রীকে আগে লড়াকু মনে হলেও অন্যের সম্মান রক্ষায় বা চিৎকারের প্রতিবাদে তিনি আরও সরব হলে ভালো হতো। পাশাপাশি তনুশ্রীর হাঁটুর চোটের কথা উল্লেখ করে জীতু বলেন, প্রতিটি খেলাতেই ধাক্কাধাক্কি বা ঠেলা না দেওয়ার কথা বলেন তনুশ্রী, তাই ক্যাপ্টেন না হয়ে বাইরে থেকে খেলাই তাঁর পক্ষে ভালো।

জীতুর মন্তব্যে আপত্তি জানান তনুশ্রী। তাঁর সাফ বক্তব্য, তাঁর মেয়ে এই খেলায় অংশ নিতে আসেনি, তাই মেয়েকে বিতর্কের মধ্যে টেনে আনা উচিত নয়। তিনি আরও জানান, আগে দাদা নিজেই এ বিষয়ে কথা বলেছিলেন এবং রাজবীর প্রসঙ্গ তোলার পরই তিনি জবাব দিয়েছেন। এরপর তনুশ্রী কেন এই বিষয়টি ‘দাদার দরবারে’ তুলবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজবীর, যা ঘিরে ঘরে ফের বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *