এনটিএ কর্মী থেকে বেসরকারি যোগ—নিট প্রশ্নফাঁসে ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন, জানুন কবে থেকে শুনানি

নিট-ইউজি প্রশ্নফাঁসকে কেন্দ্র করে একসময় উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। দিল্লিতে লাগাতার বিক্ষোভ, প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মতো ঘটনায় এই বিতর্ক বারবার শিরোনামে এসেছে। অবশেষে সেই মামলায় শুরু হতে চলেছে বিচারপ্রক্রিয়া। প্রশ্নফাঁসের অভিযোগে অভিযুক্ত ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির আদালত।

শনিবার আদালতে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। এরপরই বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দেন বিশেষ বিচারক অজয় গুপ্ত। আদালত জানিয়েছে, আগামী ২৫ নভেম্বর বুধবার থেকে প্রতিদিন এই মামলার শুনানি চলবে। এর ফলে দীর্ঘদিন ধরে চলা তদন্ত পর্ব পেরিয়ে মামলাটি এবার বিচারের পর্যায়ে প্রবেশ করল।

সিবিআইয়ের দায়ের করা মামলার ভিত্তিতেই এই চার্জ গঠন করা হয়েছে। এর আগে আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, দুর্নীতি এবং পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রাথমিক প্রমাণ রয়েছে।

তিন মূল অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ

আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ অনুযায়ী, এই মামলার তিন প্রধান অভিযুক্ত হলেন মনীষা গুরুনাথ মান্ধারে, পি ভি কুলকার্নি এবং মনীষা সঞ্জয় হাভালদার। অভিযোগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র নিযুক্ত এই তিন কর্মী অন্য অভিযুক্তদের সঙ্গে ষড়যন্ত্র করে বেআইনিভাবে পরীক্ষার গোপন প্রশ্নপত্র সংগ্রহ করেছিলেন।

এই তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সরকারি কর্মী হিসেবে দুর্নীতির অভিযোগে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল আদালত।

বাকি ১১ জনের বিরুদ্ধেও চার্জ

মামলার বাকি ১১ জন অভিযুক্ত হলেন তেজস হর্ষদ কুমার শাহ, শিবরাজ মোতেগাঁওকর, মনোজ শিরুরে, মনীষা ওয়াঘমারে, ধনঞ্জয় লোকান্ডে, শুভম খৈরনার, যশ যাদব, মঙ্গলিলাল বিওয়াল, দীনেশ বিওয়াল, বিকাশ বিওয়াল এবং শেষরাও সূর্যবংশী।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ১১ জন বেসরকারি ব্যক্তি প্রশ্নপত্র বেআইনিভাবে ছড়িয়ে দেওয়া বা সেই গোপন তথ্যের সুবিধা নেওয়ার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধেও দুর্নীতি দমন আইন এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *