৫০ কোটি মানুষকে দারিদ্র্যের জাঁতাকল থেকে মুক্ত করল ভারত! দীপাবলি মিলনে দাঁড়িয়ে বিশ্ব ব্যাঙ্কের রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য ফাঁস মোদীর

একসময়ে লালকেল্লার প্রাকার থেকে বারবার শোনা যেত ‘গরিবি হটাও’ স্লোগান। আর আজ ভারতের সেই দারিদ্র্য দূরীকরণের দীর্ঘ লড়াইয়ে এক বিরাট সাফল্যের কথা বলছে খোদ বিশ্ব ব্যাঙ্ক। বৃহস্পতিবার দিল্লিতে দীপাবলি মিলন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই এক ঐতিহাসিক সাফল্যের দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব ব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টের প্রসঙ্গ টেনে তিনি জানান, গত কয়েক বছরে ভারতের প্রায় ৫০ কোটি মানুষকে সফলভাবে দারিদ্র্যসীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে।

বিশ্ব ব্যাঙ্কের ২০২৬ সালের অক্টোবরের ‘পভার্টি অ্যান্ড ইক্যুইটি ব্রিফ’ অনুযায়ী, ২০১১ থেকে ২০২৩ সালের এই দীর্ঘ সময়কালের মধ্যে ভারতের প্রায় ৪৯.৬ কোটি মানুষ নিম্ন-মধ্যম আয়ের দেশের জন্য নির্ধারিত দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে চরম দারিদ্র্যের হারও। যেখানে একসময় দেশের ২৭.১ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের শিকার ছিলেন, তা বর্তমানে কমে মাত্র ২.৬ শতাংশে এসে ঠেকেছে। অবশ্য এই হিসাবের ক্ষেত্রে বিশ্ব ব্যাঙ্ক পৃথক মাপকাঠি ব্যবহার করেছে—দৈনিক ৪.২০ ডলার আয়ের সীমা ধরে ৪৯.৬ কোটির হিসাব কষা হয়েছে, আর চরম দারিদ্র্য পরিমাপের ক্ষেত্রে দৈনিক ৩ ডলারের মাপকাঠি ধার্য করা হয়েছিল।

এদিনের দীপাবলি মিলন অনুষ্ঠানে শুধুমাত্র রাজনৈতিক বা অর্থনৈতিক সাফল্যের কথাই নয়, বরং সংবাদমাধ্যমের সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পর্কের মধুর স্মৃতির কথাও অকপটে ভাগ করে নেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিজেপির প্রাথমিক দিনগুলিতে এই দীপাবলি মিলন অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য চেয়ার পাতা থেকে শুরু করে তাঁদের দেখভালের সমস্ত দায়িত্ব নিজে হাতে সামলাতেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের কাজের ধরন ও কাঠামোগত পরিবর্তনের কথাও তাঁর বক্তৃতায় উঠে আসে। একসময় যে খবর পাঠাতে ফ্যাক্স মেশিন খোঁজার কসরত করতে হতো, আজ একটিমাত্র স্মার্টফোনই ওবি ভ্যানের কাজ করে দিচ্ছে। পডকাস্ট এবং ডিজিটাল মিডিয়ার রমরমার যুগে সাংবাদিকতার রূপ যে পুরোপুরি বদলে গেছে, তাও স্মরণ করিয়ে দেন তিনি।

দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নানা সাফল্যের কাহিনি আন্তর্জাতিক মহলে আরও জোরালোভাবে পৌঁছে দেওয়ার জন্য সংবাদমাধ্যমের কাছে বিশেষ আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাঠে-ঘাটে কাজ করতে গিয়ে সাংবাদিকদের যে বহুমুখী ঝুঁকির মুখোমুখি হতে হয়, তা উপলব্ধি করার কথাও স্বীকার করেন প্রধানমন্ত্রী। তাঁর স্পষ্ট বার্তা, খবরের জগতের মতো দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রেও প্রতিটি কাজের নির্দিষ্ট সময়সীমা এবং লক্ষ্য থাকা অত্যন্ত জরুরি। ২০৪৭ সালের মধ্যে একটি ‘বিকশিত ভারত’ বা উন্নত দেশ গড়ার অটল লক্ষ্যকে সামনে রেখেই বর্তমানে সর্বশক্তি দিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *