হ্যাপি দিওয়ালি মুবারক!” বলে পরপর গুলি! পার্কিংয়ের বিবাদে প্রতিবেশীর বন্দুকের সামনে প্রাণ গেল বহুজাতিক সংস্থার প্রাক্তন কর্তার

পার্কিং নিয়ে বচসার জেরে এক ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠল হরিয়ানার ফরিদাবাদ। প্রতিবেশীর বন্দুকের গুলিতে প্রাণ হারাতে হলো বহুজাতিক সংস্থার এক প্রাক্তন উচ্চপদস্থ কর্তাকে। শুধু একবার নয়, মাটিতে লুটিয়ে পড়ার পরেও আহত পরমজিৎ ধনখড়কে লক্ষ্য করে বারবার বন্দুক রিলোড করে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত প্রতিবেশীর বিরুদ্ধে। পুরো ঘটনার নৃশংস সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম পরমজিৎ ধনখড় (৪২)। তিনি একসময়ে ‘টেক মাহিন্দ্রা’ সংস্থার উচ্চপদে কর্মরত ছিলেন এবং বর্তমানে সিঙ্গাপুরের একটি বহুজাতিক সংস্থায় চাকরি করতেন। পরিবারের এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে গত ৫ নভেম্বর সিঙ্গাপুর থেকে ভারতে এসেছিলেন তিনি। কিন্তু তার পরের দিনই, অর্থাৎ ৬ নভেম্বর ধনতেরাসের সন্ধ্যায় ফরিদাবাদের সেক্টর ২১সি এলাকার এক আবাসনে ভয়াবহ এই ঘটনা ঘটে। অভিযুক্ত প্রতিবেশীর নাম মনু শর্মা। একই আবাসনের প্রথম তলায় থাকতেন পরমজিৎ এবং তৃতীয় তলায় বাস করতেন মনু। গাড়ি পার্কিং এবং অন্যান্য কিছু ছোটখাটো বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।
শিউরে ওঠার মতো সিসিটিভি ফুটেজ
এনডিটিভি-র প্রতিবেদন ও সিসিটিভি সূত্রে জানা গেছে, ঘটনার দিন পার্কিং সংক্রান্ত বিষয়ে কথা বলার অছিলায় পরমজিৎকে ফ্ল্যাটের বাইরে ডেকে আনেন অভিযুক্ত মনু শর্মা। সেই সময় পরমজিতের ছেলেও সেখানে উপস্থিত ছিল। কথা কাটাকাটির একপর্যায়ে আচমকাই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে পরমজিৎকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন অভিযুক্ত।
প্রাণ বাঁচাতে পরমজিৎ দৌড়তে শুরু করলেও রেহাই মেলেনি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বন্দুকের গুলি শেষ হয়ে যাওয়ার পরেও থেমে থাকেনি অভিযুক্ত; বরং সে ঠান্ডা মাথায় বন্দুকটি ফের রিলোড করে। এরপর মাটিতে লুটিয়ে থাকা রক্তাক্ত পরমজিতের কাছে গিয়ে আরও কয়েক রাউন্ড গুলি চালায় সে। এই পৈশাচিক কান্ডের সময় ঘাতককে অত্যন্ত উদাসীনভাবে বলতে শোনা যায়, ‘হ্যাপি দিওয়ালি, মুবারক!’ এবং সঙ্গে হুমকি দেয়, ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরেই যাব!’
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত মোট ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালিয়েছিল, যার মধ্যে ৮-৯টি গুলি পরমজিতের শরীরে লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মনু শর্মাকে ধরতে একাধিক ক্রাইম ব্রাঞ্চের দল তল্লাশি শুরু করে এবং কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। দীপাবলির ঠিক আগে এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।