এক বাইকে চারজন! হাসতে হাসতে ঘুরতে যাওয়ার পথেই ট্রাকের ধাক্কায় নিমেষেই শেষ এক পরিবারের তিনজন

উৎসবের আবহ আর আনন্দের সুর মুহূর্তের মধ্যে মিশে গেল রক্ত আর কান্নায়। এক বাইকে চারজন মিলে হাসতে হাসতে ঘুরতে যাওয়ার পথেই ঘটে গেল এক নৃশংস ও মর্মান্তিক পরিণতি। বেপরোয়া গতির একটি ট্রাকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক পরিবারের তিন সদস্য। যার মধ্যে রয়েছে মাত্র দু’বছরের একটি শিশু, তার মা এবং এক তরুণী আত্মীয়। এই ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের একমাত্র জীবিত পুরুষ সদস্য।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়।

ঠিক কী ঘটেছিল সোমবার সকালে? পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে মিতাউলি শহরের শিবালা ক্রসিংয়ের ওপর দিয়ে একটি বাইকে চড়ে চারজন সওয়ারি সীতাপুর জেলার মাহোলি শহরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই উল্টোদিক থেকে আসা অত্যন্ত দ্রুত গতির একটি ঘাতক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ওই বাইকটিকে।

সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, বাইক থেকে ছিটকে সুদূর রাস্তায় গিয়ে পড়েন চারজনই। ঘটনার আকস্মিকতায় রক্তে ভেসে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রক্তমাখা চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু: পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৪ বছরের মোহিনী, তাঁর কোলের ২ বছরের শিশু এবং মোহিনীর ২০ বছরের আত্মীয় খুশবুর। মৃত তিনজনেই লখিমপুর খেরির বাসিন্দা ছিলেন। অন্যদিকে, মোহিনীর স্বামী অরবিন্দ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় গভীর চোট লাগায় প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তড়িঘড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

দুর্ঘটনার জেরে ঘাতক ট্রাকটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি পলাতক ট্রাকচালককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উৎসবের মরশুমে এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *