“শয়তান মরে গেলেও শয়তানই থাকে!”-নানা পাটেকরের প্রয়াণে কেন এমন মন্তব্য? লাইভে এসে মুখ খুললেন তনুশ্রী

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের প্রয়াণের ঠিক পরপরই তাঁর কড়া সমালোচনা করে ফের চর্চার কেন্দ্রে চলে এসেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী তনুশ্রী দত্ত। অভিনেতার মৃত্যুর পর তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু হলো’ মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হতেই শুরু হয় তীব্র ট্রোল। তবে সমালোচকদের দমে না গিয়ে এবার ইনস্টাগ্রাম লাইভে এসে ট্রোলারদের একহাত নিলেন এবং নিজের মন্তব্যের পক্ষে জোরালো সওয়াল করলেন অভিনেত্রী।

উজ্জ্বয়িনী থেকে লাইভ ভিডিও শেয়ার করে তনুশ্রী বলেন, যাঁরা তাঁকে নিয়ে ট্রোল করছেন, তাঁরা মূলত গোটা বিষয়টি না জেনেই অতিরিক্ত উত্তেজিত হচ্ছেন। তনুশ্রীর অভিযোগ, “যাঁরা আমার জীবন নষ্ট করেছেন, গুণ্ডা পাঠিয়ে আমায় হয়রানি করেছেন এবং আমার কেরিয়ার ধ্বংসের চক্রান্ত করেছিলেন— তাঁরা কেউ একা ছিলেন না, ওটা একটা শয়তানদের দল ছিল। আমি যখন ‘ইভিল ডেড’ বা শয়তানের প্রয়াণের কথা বলেছিলাম, তখন অনেক শোরগোল হয়েছিল। আমি স্পষ্ট ভাষায় বলছি, শয়তান মরে গেলেও শয়তানই থাকে।”

ট্রোলিংয়ের মুখে পড়ে রামায়ণ ও সনাতন সংস্কৃতির প্রসঙ্গ টেনে তনুশ্রী আরও বলেন, “অনেকেই বলছেন মৃত্যুর পর কারও সম্পর্কে খারাপ কথা বলতে নেই। আমি তাঁদের প্রশ্ন করতে চাই, এত বছর পরেও কেন রাবণের পুতুল পোড়ানো হয়? আমার ধর্ম শিক্ষা দেয় যে শয়তান জীবিত বা মৃত— সর্বাবস্থায় শয়তানই। যাঁদের ওপর সে অত্যাচার করেছে, তাদের কারোর কাছে সে কোনো দিন ক্ষমা চায়নি। ক্ষমা না চেয়েই সে চলে গেছে, তাই তার নরকেই যাওয়া উচিত।”

উল্লেখ্য, এর আগে লখনৌ যাওয়ার পথে ইনস্টাগ্রাম স্টোরিতে নানা পাটেকরের প্রয়াণ নিয়ে তনুশ্রীর একটি মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অতীতে নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ এনেছিলেন তনুশ্রী। যা নিয়ে বলিউডে #MeToo আন্দোলন বড় মোড় নিয়েছিল। দীর্ঘ আইনি লড়াই ও সেই পুরোনো তিক্ততার স্মৃতি রোমন্থন করে তনুশ্রী সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর কাছে নানা পাটেকর চিরকালই ‘শয়তান’ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবেন। অভিনেত্রীর এই আক্রমণাত্মক ও কড়া অবস্থান ঘিরে এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় নতুন করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *