‘জানতাম না এত বড় আর্থিক বোঝা ঘাড়েশনেবে!’ লাডলী বহনা যোজনা নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিস্ফোরক স্বীকারোক্তি

মধ্যপ্রদেশের মহিলাদের আর্থিক সুরক্ষায় চালু করা অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লাডলী বহনা যোজনা’ (Ladli Behna Scheme) নিয়ে বড় ধরনের আর্থিক অস্বস্তির কথা স্বীকার করলেন খোদ মুখ্যমন্ত্রী মোহন যাদব। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পেলেও, সরকারের রাজকোষের ওপর এর বিপুল বোঝ নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি।
ভোপালের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে এই প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে তাঁর ধারণা ছিল না যে এত বড় অঙ্কের আর্থিক দায়িত্ব তাঁর কাঁধে আসবে। বর্তমান পরিস্থিতিতে এই প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারকে বছরে প্রায় ২২ হাজার ৬৮০ কোটি টাকা খরচ করতে হচ্ছে, যা অর্থনৈতিক কাঠামোর ওপর এক বিরাট চাপ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের আমলে এই প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল। শুরুতে মহিলাদের ১০০০ টাকা করে দেওয়া হলেও, তা বাড়িয়ে প্রথমে ১২৫০ এবং পরবর্তীতে ১৫০০ টাকা করা হয়। এমনকি ক্ষমতাসীন দলের তরফ থেকে আগামী দিনে এই অনুদান বাড়িয়ে প্রতি মাসে ৩০০০ টাকা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।
তবে শুধু আর্থিক চাপই নয়, এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রকল্প চালুর পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ২৫ হাজার মহিলাকে বিভিন্ন কারণে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, বর্তমানে নতুন করে নাম নথিভুক্তকরণের কাজও বন্ধ রয়েছে। ৬০ বছর বয়সসীমা পেরিয়ে যাওয়া কিংবা অন্যান্য নিয়মের জেরে নিয়মিত সুবিধাভোগীর সংখ্যা কমলেও, নতুন আবেদন প্রক্রিয়া কবে থেকে ফের চালু হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা ঘোষণা করেনি মধ্যপ্রদেশ সরকার।