দীপাবলির আগেই বাম্পার উপহার! কেন্দ্রের বড় ঘোষণায় একলাফে বাড়ছে লক্ষ লক্ষ শ্রমিকের দৈনিক মজুরি

দীপাবলির প্রাক্কালে দেশের লক্ষ লক্ষ শ্রমিকের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দিতে পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বা ভেরিয়েবল ডিয়ারনেস অ্যালাউন্স (VDA) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর ফলে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরির আওতায় দেশের বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকদের দৈনিক মজুরি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নতুন এই ভিডিএ (VDA) গত ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর করা হয়েছে।
মূল্যবৃদ্ধির চাপ মোকাবিলা করতেই মূলত ভিডিএ সংশোধন করা হয়ে থাকে। এবারের এই সংশোধনের মূল ভিত্তি হলো কনজুমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (CPI-IW)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত শেষ ছয় মাসের গড় সূচক ৪২৪.৮০ থেকে বেড়ে ৪৩১.৪২-এ পৌঁছেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে সূচক ৬.৬২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এই হিসাবের ভিত্তিতেই শ্রম মন্ত্রকের অধীনস্থ ‘লেবার ব্যুরো’ (Labour Bureau) নতুন ভিডিএ নির্ধারণ করেছে।
কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কাঠামোর আওতায় থাকা একাধিক ক্ষেত্রের শ্রমিকরা এই বর্ধিত সুবিধার আওতায় আসছেন। এর মধ্যে রয়েছে কৃষি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, রাস্তা ও ভবন নির্মাণ, লোডিং-আনলোডিং, ঝাড়ুদার ও পরিচ্ছন্নতাকর্মী, নিরাপত্তারক্ষী এবং বিভিন্ন খনির শ্রমিকরা।
নতুন এই হার অনুযায়ী কৃষিক্ষেত্রে অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ‘এরিয়া এ’ (Area A)-তে ৫৩৭ টাকা, ‘এরিয়া বি’ (Area বি)-তে ৪৯১ টাকা এবং ‘এরিয়া সি’ (Area C)-তে বেড়ে হয়েছে ৪৮৬ টাকা। অন্যদিকে, অত্যন্ত দক্ষ বা হাইলি স্কিলড শ্রমিকদের দৈনিক মজুরি যথাক্রমে ৭০৫ টাকা, ৬৫৫ টাকা এবং ৫৮৭ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে।
পাশাপাশি, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ক্ষেত্রের ক্ষেত্রে ‘এরিয়া এ’ তে অদক্ষ শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি ৮৪০ টাকা করা হয়েছে। এছাড়া আধা-দক্ষ শ্রমিকদের জন্য ৯৩৩ টাকা, দক্ষ শ্রমিকদের জন্য ১,০২৪ টাকা এবং অত্যন্ত দক্ষ শ্রমিকদের জন্য ১,১১১ টাকা মজুরি ধার্য করা হয়েছে। ‘এরিয়া বি’ এবং ‘এরিয়া সি’-তেও কর্মীদের দক্ষতা অনুযায়ী সংশোধিত এই ন্যূনতম মজুরি কার্যকর করা হয়েছে।
লেবার ব্যুরোর সংশোধিত নির্দেশ অনুযায়ী নতুন ভিডিএ এবং তার ভিত্তিতে নির্ধারিত ন্যূনতম মজুরি ১ অক্টোবর, ২০২৬ থেকেই কার্যকর হয়েছে। অর্থাৎ সংশ্লিষ্ট শ্রমিকদের ক্ষেত্রে চলতি অক্টোবর মাসের মজুরি থেকেই নতুন এই বর্ধিত হারের সুফল মিলবে।