রণবীর-রজনীকান্তকেও পিছনে ফেলল সৃজিতের ছবি! মুক্তির আগেই কোন মেগা রেকর্ড গড়ল ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’?

আসন্ন দুর্গাপুজোয় মুক্তির ঠিক আগেই এক অভাবনীয় ও ঐতিহাসিক মাইলফলক ছুঁল পরিচালক সৃজিত মুখার্জির বহু প্রতীক্ষিত ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। রণবীর কাপুর অভিনীত বহুলচর্চিত ছবি ‘রামায়ণ’ কিংবা রজনীকান্তের ‘জেলার ২’-এর মতো হেভিওয়েট প্রজেক্টগুলোকেও জনপ্রিয়তার নিরিখে পিছনে ফেলে দিয়েছে এই বাংলা ছবি। আইএমডিবির (IMDb) সবথেকে প্রতীক্ষিত নতুন ভারতীয় ছবি ও শোয়ের তালিকায় একেবারে শীর্ষস্থান দখল করেছে এই ঐতিহাসিক সৃষ্টি।

চলতি বছরের আগামী ১৫ই অক্টোবর দুর্গাপুজোর আবহে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার আগেই দর্শকদের মনে যে চরম উত্তেজনা ও কৌতূহল তৈরি হয়েছে, আইএমডিবির রিয়েল-টাইম জনপ্রিয়তার এই তালিকা তারই স্পষ্ট প্রতিফলন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রদীপ কুমার নন্দীর ‘নন্দী মুভিজ’ প্রযোজিত এই ছবিটি বাংলা সাহিত্যের ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়কে বড়পর্দায় তুলে ধরতে চলেছে।

মূলত ১৯২৬ সালে প্রকাশিত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশ এবং পরবর্তীতে ব্রিটিশ সরকারের দ্বারা সেই বই নিষিদ্ধ হওয়ার ঐতিহাসিক ঘটনাই এই ছবির মূল প্রেক্ষাপট। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে একটি লেখার কীভাবে সাম্রাজ্যকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা ছিল, সেই গল্পই ফুটে উঠবে ছবিতে। বিশেষ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী এবং ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষের প্রাক্কালে এই ছবি কিংবদন্তি সাহিত্যিকের প্রতি এক বিরাট শ্রদ্ধার্ঘ্য।

ছবির মূল চরিত্রগুলিতেও রয়েছে বড় চমক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে এবং ‘পথের দাবী’-র রহস্যময় বিপ্লবী সব্যসাচী মল্লিকের চরিত্রে অভিনয় করেছেন আবীর চ্যাটার্জি। এছাড়াও মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল, ঋক চ্যাটার্জি, দেবপ্রিয় মুখার্জি, সঞ্জয় নাগ (যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করেছেন), কৌশানী মুখার্জি এবং কাঞ্চন মল্লিকসহ একাধিক প্রথিতযশা শিল্পীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। ছবির চিত্রনাট্য, সংলাপ, সম্পাদনা থেকে শুরু করে সঙ্গীত ও গীতরচনার সমস্ত দায়িত্ব নিজে হাতে সামলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। এখন পুজোর বক্স অফিসে এই ছবি কী ধরনের ম্যাজিক দেখায়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *