মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি তুঙ্গে! নিরাপত্তায় নজিরবিহীন পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের লাগাতার আন্দোলন ও প্রতিবাদের জেরে তাঁর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, ইতিমধ্যেই তাঁর জেড প্লাস নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, যার আওতায় তাঁর পরিবারের সদস্যরাও সুরক্ষিত থাকবেন। এসআইআর (SIR) বিতর্ক এবং কমিশন অভিমুখে বিরোধীদের লাগাতার আন্দোলনের প্রেক্ষাপটে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে সামনে রেখে বিরোধী দলগুলির আন্দোলন এবং আগামী ১০ অক্টোবর থেকে ককরোচ জনতা পার্টির (CJP) সুদীর্ঘ কর্মসূচির ঘোষণা ঘিরে রাজধানীতে উত্তেজনার পারদ চড়েছে। নিট কেলেঙ্কারি বিরোধী আন্দোলনের অভিজ্ঞতার কথা মাথায় রেখে দিল্লির সার্বিক নিরাপত্তাও ঢেলে সাজানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে মেগা নিরাপত্তা বলয় গড়ে তুলতে ২২১ কোম্পানি অর্থাৎ প্রায় ২৩ হাজার আধা সেনার জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং ছত্তিশগড় থেকে বিশেষভাবে আধা সেনার এই জওয়ানদের উড়িয়ে আনা হচ্ছে রাজধানীতে।