রেকর্ড ভাঙল নদীয়ায়! ‘সেবা সেতু’ শিবিরে উপচে পড়া ভিড়, কোন প্রকল্পে জমা পড়ল সর্বাধিক আবেদন?

অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যজুড়ে আয়োজিত হয়েছিল তিন দিনের বিশেষ ‘সেবা সেতু’ শিবির। আর এই শিবিরগুলিতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে নদিয়া জেলায় এই পরিষেবা পেতে উপচে পড়া ভিড় নজর কেড়েছে সকলের।

প্রশাসন সূত্রে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, নদীয়া জেলায় আয়োজিত মাত্র ১৮৩টি শিবিরেই আড়াই লক্ষের কাছাকাছি মানুষ সরকারি সুবিধা পাওয়ার আশায় উপস্থিত হয়েছিলেন। আর সবমিলিয়ে এই তিন দিনে সেখানে প্রায় ৩ লক্ষের মতো আবেদন জমা পড়েছে।

বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে সর্বত্র ব্যাপক চর্চা চললেও, নদীয়ায় সমস্ত রেকর্ড ভেঙে সর্বাধিক আবেদন জমা পড়েছে ‘বার্ধক্য ভাতা’র জন্য। এই তিন দিনের ক্যাম্পে এককালীন ১ লক্ষ ৫৪ হাজার ৬০৮ জন বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকার বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়েছে। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই অনুদান ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পগুলি নিয়ে আগ্রহ বহু গুণে বেড়ে গেছে।

বার্ধক্য ভাতার পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের বিভিন্ন পরিসেবা পেতেও ৫৪ হাজার ৩৪৪টি আবেদন জমা পড়েছে। এ ছাড়া আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ১১ হাজার ৫২৪টি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় ৩ হাজার ১৪১টি আবেদন জমা পড়েছিল। পাশাপাশি বিধবা ভাতা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা, প্রতিবন্ধী ভাতা এবং কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আবাসন ও ক্ষুদ্র ব্যবসার মতো একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। সবমিলিয়ে এই ‘সেবা সেতু’ অভিযান সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক বিরাট মাইলফলক হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *