“পাইলট মুসলিম হলে বিমানে উঠতেই ভয় লাগবে!” তসলিমা নাসরিনের এক লাইনের পোস্টে তোলপাড় সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়ায় স্রেফ এক লাইনের একটি বিস্ফোরক পোস্ট! আর তাতেই তোলপাড় নেটদুনিয়া। তেল আভিভগামী ‘ফ্লাইদুবাই’-এর (Flydubai) বিমানে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর তাঁর ওমানি সহকারী পাইলটের রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘিরে বিশ্বজুড়ে তুমুল চর্চার মাঝেই আগুনে ঘি ঢেলেছেন নির্বাসিত বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট বা সুনির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ না করেই ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট করেছেন তসলিমা। তিনি লিখেছেন, “এখন তো পাইলট মুসলমান হলে সেই ফ্লাইটে যেতেই ভয় লাগবে।” আর কোনো কথা তিনি লেখেননি। তবে কোনো ঘটনার কথা স্পষ্ট না বললেও, ওয়াকিবহাল মহলের মতে—ককপিটে ঘটে যাওয়া সাম্প্রতিক সেই ভয়াবহ হামলার ঘটনার পরিপ্রেক্ষিতেই এই বিতর্কিত মন্তব্য করেছেন লেখিকা।

বিমানে ঠিক কী ঘটেছিল?
কয়েকদিন আগে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ককপিটের ভেতরেই চালকের আসনে থাকা ভারতীয় মূল ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হঠাৎ হামলা চালান তাঁরই সহকারী পাইলট হামাম আল-হাম্মামি (Hamam Al-Hammami)। গুরুতর আহত হওয়া সত্ত্বেও অসাধারণ সাহস ও পেশাদারিত্ব দেখান ভারতীয় ক্যাপ্টেন স্মিত। রক্তাক্ত অবস্থাতেই তিনি ককপিটের দরজা খুলে ক্রু মেম্বার ও অন্য যাত্রীদের কাছে সাহায্যের বার্তা পৌঁছে দেন।

স্মিতের এই অভাবনীয় তৎপরতায় নস্যাৎ হয় বড়সড় এক বিপর্যয়। অভিযোগ, বিমানটি হাইজ্যাক করার এক সুপরিকল্পিত ছক কষেছিলেন ওমানের নাগরিক ওই সহকারী পাইলট। তবে ভারতীয় ক্যাপ্টেনের অসীম সাহসিকতায় সেই চক্রান্ত ভেস্তে যায় এবং বড়সড় হাতাহাতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মোদীর প্রশংসা ও আন্তর্জাতিক সমালোচনা
ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের এই বীরত্ব ও সাহসিকতার প্রশংসা এখন বিশ্বজুড়ে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করে তাঁর সাথে কথা বলেন এবং তাঁর সাহসিকতার কুর্নিশ জানান।

অন্যদিকে, ওমানি সহকারী পাইলটের বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। একাধিক মহল থেকে অভিযুক্ত ওই সহকারী পাইলটের ধর্মীয় পরিচয় তুলে ধরে সোচ্চার হতে দেখা যায় নেটিজেনদের। সেই উত্তপ্ত আবহাওয়াতেই তসলিমা নাসরিনের এই বিতর্কিত বার্তা পরিস্থিতিকে আরও উস্কে দিয়েছে।

এদিকে, বুধবারই রাজনৈতিক ও সামাজিক চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা তসলিমা নাসরিন কলকাতায় এসে পৌঁছেছেন। শহরের মহাজাতিল সদনে আয়োজিত একটি বিশেষ সাহিত্য অনুষ্ঠানে তাঁর কবিতা পাঠের কর্মসূচী রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *