“এত শান্ত জীতুকে দেখিনি!” বিগ বস হাউসে প্রাক্তনের আসল রূপ দেখে বিস্ফোরক দাবি নবনীতার

বর্তমানে টেলিভিশনের পর্দায় ঝড় তুলেছে জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। শোয়ের প্রতিযোগীদের মধ্যে শুরু থেকেই নিজের মার্জিত ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তা দিয়ে দর্শকদের নজর কাড়ছেন জনপ্রিয় অভিনেতা জীতু কামাল (Jeetu Kamal)। কিন্তু বিগ বসের ঘরে প্রাক্তনের এই শান্ত ও সংযত অবতার দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না তাঁর প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী নবনীতা দাস (Nabanita Das)! সম্প্রতি এক সাক্ষাৎকারে জীতুর বিগ বস জার্নি এবং ঘরের ভেতর তাঁর চালচলন নিয়ে খোলামেলা কথা বলেছেন নবনীতা।
‘বিগ বসের ঘরে যাওয়ার আগে সামান্য কথা হয়েছিল’
বিগ বসের ঘরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রাক্তনের সাথে আগে থেকে কোনও বড় বা বিস্তারিত আলোচনা হয়নি বলেই জানান নবনীতা। তাঁর কথায়, “বিগ বসে ঢোকার আগে আমাকে ও একবার বলেছিল যে যাচ্ছে। ব্যস, ওইটুকু নিয়েই লাস্ট কথা হয়েছিল। আর ও যখন ঘরের ভেতর ঢুকল, কানাকুষো শুনে সেখানেই আমি প্রথম জানতে পারি। আগে থেকে বিশদে কিচ্ছু জানতাম না।”
‘এত শান্ত রূপ কোনোদিন দেখিনি’
ক্যামেরার সামনে জীতুকে অত্যন্ত সংযত ভঙ্গিতে দেখা যাওয়ার পর তাঁর এই শান্ত ভাবমূর্তি নিয়ে বেশ অবাক হয়েছেন নবনীতা। তাঁর দাবি, জীতুর আসল স্বভাব এর ঠিক উল্টো। স্মৃতিচারণ করে নবনীতা বলেন, “ওকে বেশ শান্ত শান্ত লাগছে, অন্তত এতটা শান্ত খুব একটা ওকে কখনো দেখিনি! ক্যামেরার পেছনে ও অত্যন্ত মজার মানুষ, সবসময় কারও না কারও পেছনে লেগে থাকে, মজা করে। ও এতটা শান্ত স্বভাবের মানুষ নয়। যাঁরা ওর সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তাঁরাও এই বিষয়টার কথা ভালো করেই জানেন।”
জীতুর গোপন স্ট্র্যাটেজি ও মাস্টারপ্ল্যান?
তবে বিগ বসের ঘরে প্রাক্তনের এই শান্ত থাকাটা নিছক কাকতালীয় নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী স্ট্র্যাটেজির অংশ—এমনটাই ধারণা নবনীতার। অভিনেত্রীর সংযোজন, “হয়তো আস্তে আস্তে ওর নিজের আসল রূপ আর খেলাটা সামনে আসবে। প্রথম দিনেই যদি সমস্ত পাতা বা স্ট্র্যাটেজি খুলে দেয়, তবে দীর্ঘ প্রতিযোগিতায় চলা মুশকিল। আমার মনে হয় ও নিজের সেরা চালগুলো আর স্ট্র্যাটেজিগুলো আগামী দিনের জন্যই সাজিয়ে রেখেছে।”
উল্লেখ্য, বিবাহবিচ্ছেদ বা পথ আলাদা হয়ে গেলেও জীতু-নবনীতার বন্ধুত্বের বাঁধন যে আজও বেশ মজবুত, তা তাঁদের বিভিন্ন মন্তব্যে স্পষ্ট। আর সেই আস্থাকে রেখেই প্রাক্তনের এই রিয়ালিটি শো যাত্রা যে বেশ উপভোগ করছেন নবনীতা, তা বলাই বাহুল্য।