‘মহালয়ার আগেই সব রাস্তা চকচকে হবে!’ অ্যাপ বুকিং থেকে প্লাস্টিক ব্যান—নজরকাড়া ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ক্ষমতায় আসার পর থেকেই শহরের রূপ বদলাতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যত্রতত্র গাড়ি পার্কিং রুখে জরিমানা থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার রাখা—সবক্ষেত্রেই কড়া নজরদারি চালাচ্ছেন তিনি। কখনো বাজারে গিয়ে সরাসরি ধমক দিয়েছেন, কখনো বা সাধারণ মানুষকে বুঝিয়েছেন। শহরকে আরও সুন্দর করে গড়ে তুলতে তাঁর এই নিরলস প্রচেষ্টাকে ঘিরে মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয় ট্রোলিং। আর এবার এই সমস্ত ট্রোলিং এবং সমালোচনার মুখে দাঁড়িয়ে নিজেই মুখ খুললেন মন্ত্রী। একই সঙ্গে স্পষ্ট করলেন রাজ্যের আসন্ন পরিকল্পনা ও বাজারের হাল ফেরানোর বিরাট প্রতিশ্রুতির কথা।
ট্রোল ও বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে অগ্নিমিত্রা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আক্ষেপের সুরে জানান, ভালো কাজ করলেই একশ্রেণির মানুষ তা সহ্য করতে পারে না। তিনি বলেন, “সংবাদ মাধ্যম ট্রোল করছে। ভালো কাজ মানুষ নিতে পারে না। আমাদের বিরোধী দল, যাদের আর আর কোনো অস্তিত্ব নেই, তারা তো সরকার এত ভালো ভালো কাজ করছে সেটা সহ্য করতে পারছে না।”
শহরের বাজারগুলির ভোল বদল
সাধারণ মানুষের কেনাকাটার অভিজ্ঞতাকে সম্পূর্ণ বদলে দিতে এবার বাজারগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাজারকে সুন্দর করতে চাইছি। এখানে এলে দারুণ অভিজ্ঞতা হবে। এখন বাজারে গেলে ভিড়, ঠেলাঠেলি, জল পড়ে থাকা ও নোংরা দেখতে হয়। আমরা এমন বাজার বানাব, যা দেখে মানুষের জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা হবে।” অর্থাৎ, বাজারে ঢুকলেই জল বা জঞ্জাল জমে থাকার দিন এবার শেষ হতে চলেছে।
পার্কিং অ্যাপ এবং রাস্তাঘাট নিয়ে বড় ঘোষণা
শহরের যানজট ও পার্কিং সমস্যা মেটাতে অভিনব ব্যবস্থার কথা পুনরায় মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, শহরবাসীর সুবিধার জন্য পার্কিং ব্যবস্থাকে আরও সহজ করা হচ্ছে। এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই পার্কিং স্পেস বুকিং করা যাবে।
পাশাপাশি পরিবেশ রক্ষার্থে ক্ষতিকর কালো প্লাস্টিক তৈরির কারখানাগুলির বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। রাজ্যের ভাঙাচোরা রাস্তাঘাট নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ প্রশমিত করে তিনি আশ্বাস দেন, “মহালয়ার আগে সমস্ত রাস্তা ঠিক হয়ে যাবে। যদি কোনো রাস্তা বাদ পড়ে যায়, তবে আমাদের জানান, আমরা সেই রাস্তা দ্রুত সম্পন্ন করব।”