Recipe : দুপুরের পাতে জমে ক্ষীর! রইল সহজ পদ্ধতিতে পাবদা মাছের হালকা পাতলা ঝোল বানানোর সিক্রেট টিপস

মাছ-মাংস খেতে কার না ভালো লাগে! কিন্তু প্রতিদিন বেশি তেল-মশলা দিয়ে রান্না খাওয়া করলে শরীর ও পেটের নানা সমস্যা দেখা দিতে পারে। তাই মাঝে মধ্যে একটু হালকা-ফুলকা খাবার খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী। তবে চিন্তা নেই, হালকা মশলার রান্না মানেই যে স্বাদের কমতি হবে, তা কিন্তু একেবারেই নয়। আজ আপনাদের জন্য রইল জিভে জল আনা পাবদা মাছের হালকা পাতলা ঝোলের সহজ রেসিপি (Pabda Macher Jhol Recipe), যা পেটের জন্য যেমন আরামদায়ক, তেমনই স্বাদে দুর্দান্ত!
পাবদা মাছের হালকা পাতলা ঝোল তৈরির প্রয়োজনীয় উপকরণ:
পাবদা মাছ
কাঁচা লঙ্কা
টমেটো কুচি ও ধনেপাতা কুচি
কালোজিরে ফোঁড়নের জন্য
হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
জিরে গুঁড়ো
পরিমাণমতো নুন
রান্নার জন্য সর্ষের তেল
সুস্বাদু পাবদা মাছের ঝোল তৈরির সহজ পদ্ধতি:
১. ম্যারিনেশন: প্রথমে বাজার থেকে কিনে আনা তাজা পাবদা মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর মাছের জল ঝরিয়ে তাতে পরিমাণমতো নুন, সামান্য হলুদ গুঁড়ো এবং ২ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিন।
২. মাছ ভাজা: ১০ মিনিট পর কড়াইতে পরিমাণমতো তেল গরম করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে উল্টেপাল্টে সোনালি করে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে একটি পাত্রে আলাদা করে রেখে দিন।
৩. ফোঁড়ন ও মশলা কষানো: এবার ওই মাছ ভাজার তেলেই কালোজিরে এবং দুটো চেরা কাঁচালঙ্কা ফোঁড়ন দিন। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে টমেটো কুচি দিয়ে নাড়তে থাকুন। টমেটো নরম হয়ে গলে গেলে একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিন।
৪. ঝোল ফুটানো ও পরিবেশন: মশলা থেকে তেল ছাড়লে ঝোলের জন্য পরিমাণমতো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। ঝোল ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলি ঝোলে ছেড়ে দিন। এরপর কড়াই ঢাকা দিয়ে ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। নামানোর ঠিক আগে উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি গরম ভাতের জমার মতো দুর্দান্ত স্বাদের পাবদা মাছের হালকা পাতলা ঝোল!