মেদিনীপুরে কার্ল মার্কসের মূর্তিতে ভাঙচুর! মুখ ঢাকল কালো কাপড়ে, নেপথ্যে কোন রহস্য?

মেদিনীপুর শহরের ব্যস্ত স্টেশন রোডে অবস্থিত কার্ল মার্কসের একটি পূর্ণাবয়ব মূর্তি ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। গত রাতে কে বা কারা এই মূর্তির একটি আঙুল ভেঙে দেয় এবং যেখানে কার্ল মার্কসের নাম খোদাই করা রয়েছে, সেই অংশটি একটি কালো কাপড় দিয়ে ঢেকে দেয়। ঘটনার পরেই মূর্তিটির পাশে ‘হিন্দু সুরক্ষা সমিতির’ নামের একটি ব্যানার নজরে আসে, যা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

সিপিএমের প্রতিক্রিয়া
এই ঘটনার তীব্র নিন্দা করে সিপিএমের জেলা সম্পাদক বিজয় পাল শাসকদল ও বিরোধীদের যৌথ চক্রান্তের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “কার্ল মার্কস বিজ্ঞানের কথাই বলে গিয়েছিলেন। সেই সত্যকে ভয় পেয়েই আজ তার মূর্তি ভাঙা হচ্ছে। তবে এভাবে মূর্তি ভেঙে বামেদের আন্দোলন ও আদর্শকে আটকানো যাবে না।”

বিজেপির অবস্থান
অন্যদিকে, এই ঘটনায় সিপিএমের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস। তিনি পাল্টা আক্রমণ শানিয়ে বলেন, “বামেদের ৩৪ বছরের রাজনৈতিক ইতিহাস বাংলার মানুষ ভালোভাবেই জানে। এ রাজ্যের মানুষ তাদের আর দেখতে চায় না। তাছাড়া, যে সমস্ত ব্যক্তিত্ব আমাদের দেশের সঙ্গে সরাসরি যুক্ত নন, সেই বিদেশি চিন্তাবিদদের মূর্তি এ বাংলায় রাখার যৌক্তিকতা কোথায়? সাধারণ মানুষ এই বিষয়গুলি স্বাভাবিকভাবেই ভালোভাবে নিচ্ছে না।”

ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহরজুড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। পুলিশ ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *