সাউথ পয়েন্ট কাণ্ড: মৃত্যুঝুঁকি পেরিয়ে সুস্থতার পথে নবম শ্রেণির ছাত্র, চাঞ্চল্যকর মোড় পরিবারে!

কলকাতার স্বনামধন্য সাউথ পয়েন্ট স্কুলের রোমহর্ষক সহপাঠী হামলা কাণ্ডে এক মানবিক ও অপ্রত্যাশিত মোড় সামনে এল। সহপাঠীর ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর জখম নবম শ্রেণির ছাত্রের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে সে আশঙ্কামুক্ত। রুবি জেনারেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কিশোরের গলা ও বাঁ হাতের একাধিক আঙুলে গভীর ক্ষত ছিল। তবে এত বড় আঘাত পাওয়ার পরেও আক্রমণকারী ছাত্রটির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা বা পুলিশে অভিযোগ না জানানোর বড় সিদ্ধান্ত নিয়েছেন আক্রান্তের বাবা।

হাসপাতাল সূত্রে খবর, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জন ডা. দীপাঞ্জন দের নেতৃত্বে দীর্ঘ অস্ত্রোপচারের মাধ্যমে কিশোরের গলার গভীর ক্ষত এবং হাতের ক্ষতিগ্রস্ত পেশি ও টেন্ডন সফলভাবে সারিয়ে তোলা হয়েছে। ঘটনার আকস্মিকতায় আহত ছাত্রের পরিবার মানসিকভাবে ভেঙে পড়লেও, আইনের পথ না বেছে এই মুহূর্তে ছেলের দ্রুত শারীরিক সুস্থতার ওপরই সম্পূর্ণ জোর দিচ্ছেন তাঁরা।

এদিকে, পুলিশের প্রাথমিক তদন্ত এবং স্কুল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত ছাত্রটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে (Autism Spectrum Disorder) আক্রান্ত। ঘটনার পর থেকে এলাকায় ও পড়ুয়াদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও, আক্রান্ত পরিবারের এই উদার মনোভাব ও ক্ষমা প্রদর্শনের সিদ্ধান্ত বর্তমানে শিক্ষক ও সমাজমহলে এক বিরাট আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা ঘটনাটির নেপথ্য কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *