মহিলা কর্মীদের ছুটি দিয়ে হিন্দু সংগঠনকে অভ্যর্থনা! তীব্র বিতর্কের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন আইফেল টাওয়ারের প্রধান

বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু আইফেল টাওয়ারকে ঘিরে দানা বাঁধল চরম বিতর্ক। এক হিন্দু সংগঠনের প্রতিনিধি দলকে বিশেষ অভ্যর্থনা জানাতে গিয়ে মহিলা কর্মীদের জোর করে ছুটি দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এই লিঙ্গ বৈষম্যমূলক ও বিতর্কিত সিদ্ধান্তের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আইফেল টাওয়ার পরিচালনকারী সংস্থার প্রধান প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো। চলতি বছরের শেষের দিকেই তিনি তাঁর পদ থেকে সরে যাবেন বলে জানা গিয়েছে।
ঠিক কী ঘটেছিল প্যারিসে? ঘটনার সূত্রপাত গত ৫ সেপ্টেম্বর। ওই দিন বচাসানওয়াসি শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ (BAPS) সংস্থার প্রতিনিধিরা প্যারিসে তাদের একটি নতুন মন্দিরের উদ্বোধনের আগে আইফেল টাওয়ার পরিদর্শনে এসেছিলেন। অভিযোগ, ওই হিন্দু সংগঠনের প্রতিনিধি দলকে স্বাগত জানানো এবং ঘোরানোর দায়িত্বে যাতে কোনো মহিলা কর্মী না থাকেন, সেই নির্দেশ দিয়েছিল টাওয়ারের পরিচালন সংস্থা (SETE)। এমনকি ওই দিন সমস্ত মহিলা কর্মীকে জোর করে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল।
এই পক্ষপাতমূলক সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ফুঁসে ওঠেন কর্মচারীদের একটা বড় অংশ। লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে শুরু হয় তীব্র বিক্ষোভ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাত্র দু’দিনের মাথায়, অর্থাৎ ৭ সেপ্টেম্বর আইফেল টাওয়ার বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
তদন্ত ও পদত্যাগের সিদ্ধান্ত: ঘটনার আকস্মিকতায় নড়েচড়ে বসে প্রশাসন। একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পুরো ঘটনার উচ্চপর্যায় তদন্ত করানো হয়। সেই তদন্ত রিপোর্টে স্পষ্ট হয়ে যায় যে, মহিলা কর্মীদের বাদ দেওয়া ছাড়াও এই আয়োজনে একাধিক নিয়মভঙ্গ ও অনিয়ম হয়েছিল। এরপরই প্রবল চাপের মুখে পড়ে ২০১৮ সাল থেকে দায়িত্বে থাকা প্রধান প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, যে হিন্দু সংগঠনের সফর ঘিরে এই শোরগোল, তাদের দাবি—মহিলা কর্মীদের দায়িত্বে না রাখার বিষয়ে তারা কোনো নির্দেশ বা অনুরোধ করেনি। তাদের বক্তব্য ছিল কেবল এইটুকুই, যাতে সাধারণ পর্যটক এবং টাওয়ারের কর্মীদের কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে যেন নজর রাখা হয়। বাকি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিচালন কর্তৃপক্ষের নিজস্ব ছিল। তবে এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।