উত্তরপ্রদেশ নির্বাচনে অখিলেশের বড় চমক! রিলায়েন্সের ধনরাজ নাথওয়ানিকে রাজ্যসভার টিকিট দিয়ে কোন মাস্টারস্ট্রোক দিলেন সপা প্রধান?

উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে এক নাটকীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিলেন সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো অখিলেশ যাদব। দলের তরফে আসন্ন নির্বাচনের জন্য রাম গোপাল যাদব এবং রিলায়েন্স গ্রুপের সঙ্গে যুক্ত ধনরাজ পরিমল নাথওয়ানির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে এই নাম সামনে আসায় রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সপা কার্যালয়ে বিধায়কদের বৈঠকের ঠিক আগমুহূর্ত পর্যন্ত গুঞ্জন ছিল যে রাম গোপাল যাদবের পাশাপাশি প্রাক্তন মুখ্যসচিব তথা অখিলেশ যাদবের উপদেষ্টা অলোক রঞ্জনকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। এমনকি অলোক রঞ্জনের মনোনয়নের সমস্ত প্রস্তুতিও প্রায় চূড়ান্ত ছিল। সপা নেত্রী অম্বিকা চৌধুরী যখন বিধায়কদের স্বাক্ষরের তালিকা তৈরি করছিলেন, ঠিক তখনই সিদ্ধান্ত বদল করা হয়। অলোক রঞ্জনের নাম বাদ দিয়ে হঠাৎ করেই ধনরাজ পরিমল নাথওয়ানিকে প্রার্থী করার সিদ্ধান্তে হতবাক হয়ে যান দলের বহু নেতাকর্মী।
কে এই ধনরাজ পরিমল নাথওয়ানি? প্রখ্যাত শিল্পপতি পরিমল নাথওয়ানির পুত্র ধনরাজ পরিমল নাথওয়ানি বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নতুন শক্তি ব্যবসার (New Energy Business) সঙ্গে যুক্ত এবং সংস্থার একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং দ্বারকা দেবস্থানম বোর্ডের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও আসীন রয়েছেন।
বুধবার সপা সুপ্রিমো অখিলেশ যাদব ও দলের অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে বিধানসভা ভবনে গিয়ে নিজের মনোনয়নিপত্র জমা দেন ধনরাজ। রাজনৈতিক মহলের মতে, উত্তরপ্রদেশের রাজনীতিতে এই মুহূর্তে বড় কোনো সমীকরণ তৈরির লক্ষ্যেই সপা নেতৃত্ব এই অভাবনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যা আগামী দিনে রাজ্য রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দেবে।