সেঞ্চুরি হাঁকিয়েও শেষ রক্ষা হল না! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগেই বড় বিপদ ওয়েস্ট ইন্ডিজ শিবিরে

বুধবার গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে মাঠে নামছে টিম ইন্ডিয়া। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের আগেই বড় ধাক্কা খেল ক্যারিবিয়ান শিবির। তিরুঅনন্তপুরামে অনুষ্ঠিত প্রথম একদিনের ম্যাচে অনবদ্য শতরান করা জাস্টিন গ্রিভস কাফ মাসেলে চোট পেয়ে আসন্ন ম্যাচ থেকে ছিটকে গেছেন।

প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ক্যারিবিয়ান ব্যাটার। পেসারদের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে শুরুটা করেন তিনি। ওপেনার জন ক্যাম্পবেলকে সঙ্গে নিয়ে শুরুতেই মাত্র ২০ ওভারের মধ্যে ১৩৫ রান যোগ করেন গ্রিভস। দুর্দান্ত কয়েকটি কভার ড্রাইভের পাশাপাশি ১০৮ বল ক্রিজে কাটিয়ে নিজের জাত চেনান তিনি। তবে সূত্রের খবর, ম্যাচের প্রথম ১০ ওভারের মধ্যেই কাফ মাসেলে টান ধরে তাঁর। মাঠেই ফিজিওর প্রাথমিক শুশ্রূষা নিয়ে খেলা চালিয়ে যান তিনি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “কাফ মাসেলে গুরুতর চোট পাওয়ার কারণে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে জাস্টিন গ্রিভসকে আর পাওয়া যাবে না। সিরিজের প্রথম ম্যাচেই তিনি এই চোটের কবলে পড়েন।” কেরলের ভ্যাপসা গরম ও আর্দ্রতার কারণে ম্যাচের একাধিক সময় পেসার ও ব্যাটার উভয়েই সমস্যায় পড়েন। শারীরিক অস্বস্তি সত্ত্বেও লড়াই চালিয়ে যান গ্রিভস। শেষ পর্যন্ত দুর্দান্ত একটি শতরান করে ৩৬তম ওভারে কুলদীপ যাদবের বলে আউট হন তিনি।

প্রথম ম্যাচে কুলদীপ যাদবের দাপুটে ঘূর্ণিতেই ঘুরে দাঁড়ায় ভারত। মাত্র ৪০ রান খরচ করে ৪টি মূল্যবান উইকেট তুলে নেন এই চায়নাম্যান বোলার। এর ফলে নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ভারত। শুভমন গিল এবং বিরাট কোহলির দুর্দান্ত জুটিতে আসে ১৫১ রান। সহজেই ৪১.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মেন ইন ব্লু। এখন দেখার, দলের অন্যতম সেরা ব্যাটারকে ছাড়া গুয়াহাটিতে ঘুরে দাঁড়াতে ক্যারিবিয়ানরা কী রণকৌশল নেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *