জেলে পাঠানোর হুঙ্কার দেওয়ার মাত্র কয়েক দিন পরেই পাপারাজ্জিদের সঙ্গে এ কী করলেন সলমন খান!

পাপারাজ্জিদের ক্যামেরা এবং তাঁদের ছবি তোলার ধরন নিয়ে বলিপাড়ায় অসন্তোষ নতুন নয়। তারকাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো কিংবা আপত্তিকর কোণ থেকে ছবি তোলার অভিযোগে প্রায়ই সরব হন অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি এই বিষয়ে সবচেয়ে বেশি কড়া অবস্থান নিয়েছিলেন সলমন খান। রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে পাপারাজ্জিদের কাঠগড়ায় দাঁড় করিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ের রাস্তায় সম্পূর্ণ অন্য এক সলমনকে দেখলেন অনুরাগীরা।
মঙ্গলবার রাতে মুম্বইয়ের একটি ডাবিং স্টুডিওর বাইরে ক্যামেরাবন্দি হন অভিনেতা। কালো শার্ট, হালকা নীল জিন্স এবং মাথায় বাদামি কাউবয় টুপি পরা চেনা লুকে স্টুডিও থেকে বের হতেই তাঁকে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। অতীতে যেখানে এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই বিরক্তি প্রকাশ করতে দেখা গেছে তাঁকে, এ দিন চিত্রটা ছিল একেবারেই আলাদা। রাগের লেশমাত্র না রেখে হাসিমুখে পাপারাজ্জিদের অনুরোধ মেনে নেন সলমন। শুধু তাই নয়, নিজেই তাঁদের ডেকে ছবি তোলার সুযোগ করে দেন তিনি। মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে অবাক হয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ।
এর আগে বিগ বসের উইকেন্ড কা ওয়ার পর্বে পাপারাজ্জিদের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেতা। অভিনেত্রীদের কুরুচিকর অ্যাঙ্গেল থেকে ছবি তোলার অভ্যাসের প্রতিবাদ জানিয়ে তিনি বলেছিলেন, এ ধরনের কাজের জন্য আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং প্রয়োজনে জেলে পাঠানো দরকার। সেই সময় পাপারাজ্জিরা ক্ষমাও চেয়ে নেন বলে জানান তিনি। এত দ্রুত সেই ক্ষোভ ভুলে ক্যামেরার সামনে সলমনের এমন খোশমেজাজি আচরণ বেশ চর্চায় রয়েছে।
ব্যক্তিগত ও পেশাগত জীবনে এই মুহূর্তে দারুণ ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা। একদিকে চলছে বিগ বসের শুটিং, অন্যদিকে পাইপলাইনে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে অপূর্ব লাখিয়া পরিচালিত ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। পাশাপাশি, পরিচালক বংশী পৈডিপল্লির একটি সর্বভারতীয় অ্যাকশন ছবির কাজও শুরু করেছেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে থাকছেন নয়নতারা। প্রযোজক দিল রাজুর এই ছবিটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ হতে পারে বলে বি-টাউনের অন্দরে গুঞ্জন শোনা যাচ্ছে।