এক ক্লিকেই চিরতরে বন্ধ হতে পারে আপনার WhatsApp! অজান্তেই এই বড় ভুলটা করছেন না তো?

সকাল থেকে রাত—আমাদের দৈনন্দিন জীবন এখন হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া এক মুহূর্তও চলে না। কিন্তু হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে অ্যাপ খুলতেই যদি দেখেন স্ক্রিনে ভেসে উঠেছে “This account is banned from using WhatsApp” কিংবা “Account Under Review”, তবে মাথায় আকাশ ভেঙে পড়ারই কথা! ২০২৬ সালে হোয়াটসঅ্যাপ তাদের অটোমেটেড সেফটি সিস্টেম আরও অনেক বেশি কড়া করেছে। ফলে সামান্য একটি ভুলেই সাধারণ ব্যবহারকারীদের অ্যাকাউন্টও আকস্মিক নিষেধাজ্ঞার মুখে পড়ছে। কোন ৫টি মারাত্মক ভুলের কারণে আপনার নম্বরটি চিরতরে ব্লক হয়ে যেতে পারে এবং তা থেকে বাঁচার উপায় কী, জেনে নিন বিস্তারিত।
১. থার্ড-পার্টি বা বেআইনি অ্যাপ ব্যবহার (GB WhatsApp / YoWhatsApp): অ্যাকাউন্ট ব্যান হওয়ার সবচেয়ে বড় এবং প্রধান কারণ এটি। প্লে-স্টোরের বাইরে থেকে ডাউনলোড করা জিবি হোয়াটসঅ্যাপ (GB WhatsApp), হোয়াটসঅ্যাপ প্লাস বা এফএম হোয়াটসঅ্যাপ-এর মতো মডিফায়েড অ্যাপগুলি অফিশিয়াল নয়। এগুলিতে বাড়তি কিছু ফিচার মিললেও, হোয়াটসঅ্যাপের শক্তিশালী সেফটি সিস্টেম তা ধরতে পারলেই সঙ্গে সঙ্গে নম্বর পার্মানেন্ট ব্যান করে দেয়। অনেক সময় এই অ্যাকাউন্ট আর ফেরতও পাওয়া যায় না।
২. একই মেসেজ বহুজনকে ফরোয়ার্ড বা ব্রডকাস্ট করা: উৎসবের শুভেচ্ছা বা কোনো প্রমোশনাল মেসেজ এক ক্লিকে কপি-পেস্ট করে একসঙ্গে ১০০ জনকে পাঠিয়ে দিচ্ছেন? হোয়াটসঅ্যাপের স্প্যাম ফিল্টার এই ধরনের কার্যকলাপকে বট বা অটোমেশন হিসেবে চিহ্নিত করে। বিশেষ করে আপনার নম্বর যাদের ফোনে সেভ করা নেই, তাঁদের বারবার মেসেজ পাঠালে রিপোর্ট খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে।
৩. হঠাৎ করে ব্লক ও রিপোর্টের সংখ্যা বেড়ে যাওয়া: হোয়াটসঅ্যাপ কেবল মেসেজ আদান-প্রদান নয়, ব্যবহারকারীদের ফিডব্যাক বা রিপোর্টের ওপরও তীক্ষ্ণ নজর রাখে। অল্প সময়ের মধ্যে যদি ১০-১২ জন ব্যবহারকারী আপনাকে ব্লক বা রিপোর্ট করেন, তাহলে আপনার অ্যাকাউন্ট বা ট্রাস্ট স্কোর দ্রুত কমে যায়। এর ফলে কোনো আপত্তিকর বার্তা না পাঠিয়েও আপনি স্প্যামার হিসেবে চিহ্নিত হতে পারেন।
৪. অনুমতি ছাড়া অচেনা লোকেদের গ্রুপে অ্যাড করা: বিনা অনুমতিতে কাউকে কোনো গ্রুপে যুক্ত করা কিংবা একদিনে প্রচুর গ্রুপে জয়েন করা হোয়াটসঅ্যাপের নিয়মের পরিপন্থী। গ্রুপ থেকে একের পর এক সদস্য লেফট নিলে বা রিপোর্ট করলে অ্যাডমিনের নম্বরটি সরাসরি ফ্ল্যাগড হয়ে যায়।
৫. থার্ড-পার্টি অটো-মেসেজ টুল বা বট ব্যবহার: অটো রিপ্লাই, বাল্ক মেসেজ সেন্ডার বা ব্রাউজারের কোনো থার্ড-পার্টি এক্সটেনশন ব্যবহার করে মেসেজ পাঠানো ধরা পড়লে হোয়াটসঅ্যাপ সোজা অ্যাকাউন্ট ব্যান করে দেয়। ব্যবসার ক্ষেত্রে এই ধরনের পদ্ধতি এড়িয়ে কেবল অফিশিয়াল হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (WhatsApp Business API) ব্যবহার করাই শ্রেয়।
অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে কী করবেন?
-
টাইমার দেখালে (Temporary Ban): ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে বারবার লগইন করার চেষ্টা করলে সময় আরও বাড়তে পারে।
-
স্থায়ী ব্যান হলে (Permanent Ban): অ্যাপের ভেতরেই “Request a Review” অপশন পাবেন। সেখানে অত্যন্ত বিনম্রভাবে জানান যে আপনি অফিশিয়াল অ্যাপ ব্যবহার করেন এবং ভুলবশত এই পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কোম্পানির তরফ থেকে জবাব আসে।
-
সতর্কতা: এর আগে অবশ্যই জিবি হোয়াটসঅ্যাপের মতো থার্ড-পার্টি অ্যাপ ফোন থেকে আনইনস্টল করে গুগল প্লে-স্টোর থেকে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন। ভুলেও নতুন নম্বর দিয়ে একই ডিভাইসে অ্যাকাউন্ট খুলে ব্যান এড়ানোর চেষ্টা করবেন না, এতে নতুন নম্বরটিও চিরতরে বড হয়ে যেতে পারে।