অনুমতি ছাড়াই বেপরোয়া ডিজে বাজানোর খেসারত! গণেশ বিসর্জনের শোভাযাত্রায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত ১

গণেশ পুজোর ভাসানের আনন্দ মুহূর্তে পরিণত হলো বিষাদে। ওড়িশার খোরদা জেলার জাতনি এলাকায় প্রতিমা বিসর্জনের শোভাযাত্রাকে কেন্দ্র করে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। উচ্চস্বরে বাজানো ডিজে বক্সের তীব্র কম্পনের জেরে একটি পুরনো বাড়ির কংক্রিটের ছাদ ও সানসেট ভেঙে পড়ে ঘটনাস্থলেই এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন, যাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গণেশ বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অত্যন্ত উচ্চস্বরে ডিজে বক্স বাজানো হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, ডিজে-র বিকট আওয়াজ ও তার জেরে তৈরি হওয়া তীব্র কম্পন ওই পুরনো বাড়িটির কাঠামো সহ্য করতে পারেনি। শোভাযাত্রাটি যখন ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দোতলার জানালার ওপরের ছাদ ও পলেস্তারার বড় অংশ হুড়মুড়িয়ে রাস্তায় নেমে আসে। এই দুর্ঘটনায় হরিরাজপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বারিক নামের এক যুবক প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিসর্জনের সময় ডিজে বাজানোর কোনও অনুমতি ছিল না। তবুও কীভাবে এই নিয়ম লঙ্ঘন করা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। ডিজে-র শব্দের কম্পনেই এই ধস নেমেছে কি না, তা নিশ্চিত করতে এবার একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন স্ট্রাকচারাল সেফটি এক্সপার্টকে দিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া ডিজে বাজানোর এই মর্মান্তিক পরিণতিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *