দলিত শ্রমিকের রহস্যমৃত্যু! মন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল চণ্ডীগড়, আটক শচীন পাইলট সহ একাধিক কংগ্রেস নেতা

পাঞ্জাবের সংগ্রুরের এক দলিত শ্রমিক গুলজার সিংয়ের মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। মঙ্গলবার পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল সিং চিমার বাসভবন ঘেরাও করতে চণ্ডীগড় কংগ্রেস ভবন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করে কংগ্রেস। আর এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ব্যবহার করে চণ্ডীগড় পুলিশ। এই সংঘর্ষের জেরে পাঞ্জাবের সদ্য নিযুক্ত কংগ্রেস ইন-চার্জ তথা রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট এবং বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া সহ একাধিক শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করা হয়। যদিও প্রায় এক ঘণ্টা পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

ঠিক কী অভিযোগ রয়েছে মন্ত্রীর বিরুদ্ধে?

বাল্মীকি সম্প্রদায়ের সদস্য গুলজার সিং পাঞ্জাবের ভয়াবহ মাদক সমস্যা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন মন্ত্রী হরপাল সিং চিমার কাছে। এরপরেই ওই শ্রমিকের আত্মহত্যার ঘটনা ঘটে। মৃতের পরিবারের অভিযোগ, নিজের মৃত্যুর আগে তিনি ওই মন্ত্রীর নাম উল্লেখ করে গিয়েছিলেন। এই ঘটনার পরেই মন্ত্রীর পদত্যাগ, অবিলম্বে এফআইআর দায়ের এবং তাঁর গ্রেফতারির দাবিতে সরাসরি পথে নামে কংগ্রেস।

মিছিল শুরুর আগে কংগ্রেস কর্মীদের সামনে তীব্র ভাষায় আপ সরকার ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করেন শচীন পাইলট। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, পাঞ্জাবে এখন বাড়িতে বাড়িতে মাদকের হোম ডেলিভারি হচ্ছে। গুলজার সিংয়ের মৃত্যুর ঘটনায় মন্ত্রীর নাম থাকা সত্ত্বেও কেন পুলিশি পদক্ষেপ হচ্ছে না, সেই প্রশ্ন তুলে তিনি হুংকার দেন যে এই লড়াইয়ে সবার আগে থাকবেন তিনি এবং প্রথম লাঠিটিও তাঁর গায়েই পড়বে।

একমঞ্চে এল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব

এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পাঞ্জাব কংগ্রেসের অন্দরে এক ঐতিহাসিক ঐক্য লক্ষ্য করা গেছে। বিগত প্রায় তিন মাস ধরে দূরত্ব বজায় রাখার পর অবশেষে একই মঞ্চে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি এবং পাঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং-কে। দুই নেতার এই ঐক্যবদ্ধ উপস্থিতি দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সরকারের বিরুদ্ধে একযোগে বৃহত্তর আন্দোলনের কড়া বার্তা দিয়েছে। সবমিলিয়ে, এই ঘটনায় পাঞ্জাবের রাজনীতি এখন চরম মাত্রায় উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *