ছাগলের মৃত্যু রুখতে সরাসরি বাড়ি বাড়ি টিকাকরণ! সুন্দরবনের মহিলারা পেলেন বড় স্বস্তি

বর্ষাকালে গবাদি পশুর রোগব্যাধির প্রকোপ বাড়ার আশঙ্কা সবসময়ই থাকে। বিশেষ করে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে বহু পরিবার ছাগল পালন করে জীবিকা নির্বাহ করেন এবং সংসারের বাড়তি আয়ের পথ তৈরি করেন। এই পরিবারগুলির একটি বড় অংশে মহিলাদের ছাগল পালনের উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। ফলে ছাগলের অসুস্থতা কিংবা রোগে মৃত্যু হলে তা সরাসরি পরিবারগুলির আর্থিক অবস্থার উপর বড় আঘাত হানে।

এই পরিস্থিতি মোকাবিলা করতে ছাগলের অন্যতম সংক্রামক রোগ পিপিআর (PPR) প্রতিরোধ ও নির্মূল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন। উদ্যান পালন দফতরের উদ্যোগে সুন্দরবনের হিঙ্গলগঞ্জ এলাকায় শুরু হয়েছে এই পিপিআর নির্মূল কর্মসূচি। ব্লক প্রশাসনের আধিকারিক ও কর্মীরা প্রত্যন্ত গ্রামগুলিতে বাড়ি বাড়ি গিয়ে ছাগলগুলির স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ভ্যাকসিন বা প্রতিষেধক দেওয়ার কাজ শুরু করেছেন।

এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে প্রশাসনের কর্মীরা ছাগল পালকদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং পিপিআর রোগের লক্ষণ, সংক্রমণের সম্ভাবনা ও ছাগলের সঠিক যত্ন নেওয়া সম্পর্কে তাঁদের সচেতন করছেন। প্রশাসনের এই উদ্যোগে যারপরনাই খুশি এলাকার ছাগল পালনকারী মহিলারা। তাঁদের বক্তব্য, গ্রামে পশু চিকিৎসা পরিষেবা সবসময় সহজে পাওয়া যায় না, ফলে ছাগল অসুস্থ হলে নানা সমস্যায় পড়তে হয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়ায় একদিকে যেমন ছাগলগুলি সুরক্ষিত থাকবে, তেমনই গরিব পরিবারগুলির আর্থিক ক্ষতির আশঙ্কাও অনেকটাই কমবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *