তদন্তের মুখে হাজির হতে সাফ মানা! কুরিয়ারে বিস্ফোরক চিঠি পাঠালেন পাক তারকা রিজওয়ান

ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজে শোচনীয় হারের পর পাকিস্তান ক্রিকেট দলের ভেতরের বিতর্ক এখন আর কেবল মাঠের মধ্যে সীমাবদ্ধ নেই। ড্রেসিংরুমের গোপনীয় তথ্য ফাঁস এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তদন্তে নামা ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)-এর ওপর উল্টে ক্ষোভ উগরে দিলেন সিনিয়র উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।

তদন্তকারী সংস্থার তলবে সশরীরে হাজির হতে সাফ অস্বীকার করে এবার কুরিয়ারের মাধ্যমে সরাসরি চিঠি পাঠিয়ে একাধিক তীব্র প্রশ্ন তুলেছেন এই পাক তারকা।

তদন্তকারী সংস্থাকে রিজওয়ানের পাল্টা প্রশ্ন

পাক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্বের পর রিজওয়ান আর তদন্তকারী সংস্থার মুখোমুখি হননি। সশরীরে হাজির হওয়ার বদলে তিনি কুরিয়ারের মাধ্যমে তাঁর আনুষ্ঠানিক জবাব পাঠান। চিঠিতে তদন্তকারী সংস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে রিজওয়ান জানতে চেয়েছেন:

  • তাঁকে প্রথমত কিসের ভিত্তিতে এবং কেন তলব করা হয়েছে?

  • গত ১০ সেপ্টেম্বর পিসিবির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার নামে বাজেয়াপ্ত করা তাঁর মোবাইল ফোনটি কেন এখনও ফেরত দেওয়া হয়নি?

  • কোনো নির্দিষ্ট শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে ডাকা হয়েছে কি না, থাকলে তার স্পষ্ট প্রমাণ কোথায়?

কী কারণে এই তদন্ত?

ইংল্যান্ড সফরের সময় ড্রেসিংরুমের তথ্য লিক, ডিজিটাল ডেটার অপব্যবহার এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে তদন্ত চালাচ্ছে এনসিসিআইএ। এই ঘটনায় আগেই রিজওয়ান ও ইমাম-উল-হককে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ইংল্যান্ড সফরের সম্ভাব্য ম্যাচ ফিক্সিং ও অন্যান্য সন্দেহজনক গতিবিধি খতিয়ে দেখতেই আরও কয়েকজন ক্রিকেটারের পাশাপাশি রিজওয়ানকে পুনরায় তলব করা হয়।

তবে রিজওয়ানের এই আক্রমণাত্মক মনোভাব এবং তদন্তে অসযোগিতার কারণে পুরো প্রক্রিয়াটি এখন আরও জটিল রূপ নিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ কোন্দল এবং পারফরম্যান্সের নিম্নগতির মধ্যে খেলোয়াড়দের সাথে তদন্তকারী সংস্থার এমন সংঘাতের ঘটনায় ক্রিকেটবিশ্বে আবার নতুন করে বিতর্ক তৈরি হলো।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *