“লাফটারসেনের সব স্ক্রিপ্ট কি অন্য কারও বানানো?” বিগ বসের ঘরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরকে নিয়ে বিস্ফোরক প্রশ্ন রূপালির!

গত ৩০ আগস্ট থেকে শুরু হওয়া বহুল চর্চিত রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’ ঘিরে উত্তেজনার শেষ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় চলা এই শোয়ে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ ওরফে নিরঞ্জন মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় যাঁর কন্টেন্ট এবং সেন্স অফ হিউমার রীতিমতো ঝড় তোলে, তাঁকে ঘরের অন্দরে একেবারে অন্য মেজাজে দেখে চটেছেন ভক্ত থেকে শুরু করে একাধিক তারকা। এবার নিরঞ্জনের বুদ্ধিমত্তা এবং পারফরম্যান্স নিয়ে সরাসরি প্রশ্ন তুলে সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্ট করলেন রূপালি রাই ভট্টাচার্য।

রূপালি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নিজে লাফটারসেনের কনটেন্টের অনুরাগী হলেও, বিগ বসের ঘরে তাঁর বর্তমান আচরণ দেখে হতবাক। তাঁর কথায়, “একজন বুদ্ধিমান মানুষ তো রিয়েলিটি শোতে গিয়ে হঠাৎ গবেট হয়ে যেতে পারে না।” নিরঞ্জনের সাম্প্রতিক চিৎকার ও অকারণে মনোযোগ আকর্ষণের চেষ্টার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “ওকে একদম একজন নন-ইন্টেলেকচুয়াল ফেক ইডিয়ট লাগছে।”

সবচেয়ে বড় প্রশ্নটি তুলে রূপালি জানতে চেয়েছেন, লাফটারসেনের বিখ্যাত সব কনটেন্টের স্ক্রিপ্ট কি তিনি নিজেই বানান, নাকি এর নেপথ্যে অন্য কারও মস্তিষ্ক রয়েছে এবং তিনি কেবল ক্যামেরার সামনে অভিনয় করেন? অভিনেত্রীর এই বিস্ফোরক পোস্টে সমর্থন জানিয়েছেন প্রেরণা ভট্টাচার্য ও সোনালী চৌধুরীর মতো তারকারাও। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে যে, তবে কি এতদিন যাঁকে দর্শকরা ক্রিয়েটার হিসেবে ভালোবেসেছেন, পর্দার পেছনের সত্যিটা সম্পূর্ণ আলাদা?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *