মাটির মেঝেই যেন খনি! মেঝে খুঁড়তেই বেরিয়ে এল কেজি কেজি গাঁজা আর রাশি রাশি টাকা!

মাটির মেঝে খুঁড়তেই বেড়িয়ে এল প্লাস্টিকের বালতি ও কলসি ভরতি গাঁজা এবং থোকা থোকা নগদ টাকা! গুপ্তধনের মতো মেঝের নিচ থেকে এমন বিপুল পরিমাণ মাদক ও টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার শহরের সূর্যনগর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে আলিপুরদুয়ার থানার পুলিশ এক বাড়িতে আচমকা অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর উদ্ধারকার্য চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্যনগর এলাকার একটি টিনের বেড়া ও মাটির মেঝের ঘরে এই কারবার চলত। অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী বাবন বলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মেঝের অবস্থাই পুলিশের প্রথম সন্দেহ উসকে দেয়। ঘরের এবড়ো-খেবড়ো মাটি সরিয়ে প্লাস্টিকের বস্তা ও কলসি সরাতেই বেরিয়ে আসে একাধিক প্লাস্টিক বালতি ও কলস। যার ভেতর থেকে প্রায় ৬ কেজি ৪শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
শুধু গাঁজাই নয়, ঘরের বিভিন্ন স্থানে কাপড়ের তলায়, বস্তায় এবং ক্যারি-ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল রাশি রাশি নগদ টাকা। ৫ ও ১০ টাকার কয়েন থেকে শুরু করে ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার অজস্র নোটে মোড়ে মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬০৪ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। রাত ৮টা থেকে শুরু হওয়া এই দীর্ঘ তল্লাশি অভিযানে পুলিশ টাকাগুলো গুনে বাজেয়াপ্ত করে।
অভিযুক্ত বাবন বল ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তবে বাড়িতে উপস্থিত তার অবিবাহিতা বোনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রের সঙ্গে কেবল গাঁজা নয়, ব্রাউন সুগারের মতো মাদক কারবারেরও যোগ থাকতে পারে। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ।