মণ্ডপে বই বিক্রির কড়া শর্ত! বামেদের তোপ দেগে কী বললেন মুখ্যমন্ত্রী?

দুর্গাপুজোর মণ্ডপের পাশে বামেদের বইয়ের স্টল বসানো নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। কিছুদিন আগে বিধানসভায় এই বিষয়ে শর্ত বেঁধে দেওয়ার পর, এবার সরাসরি কেষ্টপুরের গণেশ পুজোর মঞ্চ থেকে বাম শিবিরকে কড়া ভাষায় আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।
শনিবার কেষ্টপুরের একটি গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উৎসবের মরশুমে লাল শালু টাঙিয়ে বয়স্ক লোকজনকে বসিয়ে রাখা হলেও সেখানে স্বামী বিবেকানন্দ, প্রভু বুদ্ধ কিংবা রামকৃষ্ণ মঠ ও মিশনের মতো আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবধারার কোনও বই থাকে না। উল্টে সেখানে মার্কস বা মাও সে তুংয়ের বই পাওয়া যায় বলে তাঁর অভিযোগ। বাম আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীতে যাঁরা পুজোয় বাধা দিতেন, তাঁরাই ৩৪ বছরের লাল রাজত্বে প্যান্ডেলের বাইরে লাল শালু ঝুলিয়ে বসে থাকতেন। এই প্রবণতা ও কৃষ্টির পরিবর্তন ঘটানোর ডাক দিয়েছেন তিনি।
এদিনের অনুষ্ঠান থেকে হিন্দু সংস্কৃতি ও ঐতিহ্যের সুরক্ষার ওপর জোর দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার নিজস্ব ইতিহাস রয়েছে এবং এটি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। সনাতন সংস্কৃতির ঐতিহ্য ও পরম্পরা ফিরিয়ে আনার জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বার্তা দেন যে, গণপতি বাপ্পা, দুর্গাপূজা এবং ছট পুজো—সব উৎসবই সর্বজনীন এবং এই দেশের সংস্কৃতি সকলের।