একই সিনেমা বারবার দেখে বিরক্ত, সরাসরি চ্যানেলে অভিযোগ এক দর্শকের

এক সিনেমা আপনি কয়বার দেখতে পছন্দ করেন? উত্তরে একেকজনের সংখ্যা একেকরকম হবে এটাই স্বাভাবিক। খুব ভালো লাগলে কেউ হয়তো অসংখ্যবারও দেখেন। কিন্তু এবার একটু অন্যরকম ঘটনাই ঘটে গেল। ভারতীয় একটি টিভি চ্যানেলে একই সিনেমা বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে এক দর্শক সরাসরি অভিযোগ করে বসলেন।

প্রায় প্রতি রবিবারই দেখানো হচ্ছিল অমিতাভ বচ্চন অভিনীত ‘সূর্যবংশ’ সিনেমাটি। আর থাকতে না পেরে অবশেষে চিঠি লিখলেন এক দর্শক। চিঠিতে তিনি লেখেন, ‘আপনার চ্যানেলের সৌজন্যে হীরা ঠাকুর (যে চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন) এবং তার পরিবারকে নিজেদের পরিবারের থেকেও বেশি জেনে গিয়েছি। স্বপ্নেও এই ছবির সংলাপ আওড়াতে পারব।’

বারবার একই সিনেমা সম্প্রচারে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন সেই দর্শক। তিনি আরও লেখেন, ‘আমি জানতে চাই, আর কতবার এই ছবি সম্প্রচার করার পরিকল্পনা করেছে চ্যানেল? বারবার একই ছবির প্রদর্শন আমার মানসিক শান্তি বিঘ্নিত করলে সেই দায় কে নেবে? আমার একান্ত অনুরোধ, এই অভিযোগকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সমাধান করা হোক।’

অবশ্য চিঠিতে নিজের নাম প্রকাশ করেননি ওই দর্শক। চিঠিটি সংশ্লিষ্ট চ্যানেলের মুম্বাইয়ের অফিসে পাঠানো হয়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর একই অভিযোগ জানিয়ে অনেকেই টুইট করেছেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তি পায় ‘সূর্যবংশ’ সিনেমাটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন অমিতাভ। সত্যনারায়ণ পরিচালিত সিনেমাটিতে অমিতাভ ছাড়াও আরও অভিনয় করেন জয়াসুধা, সুন্দরা, কাদের খান, অনুপম খের প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *