যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বিরাট আপডেট! স্নাতক হলেই প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা

অন্নপূর্ণা যোজনা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক চর্চা যখন তুঙ্গে, ঠিক তখনই বেকার যুবক-যুবতীদের নজর কেড়েছে নতুন একটি প্রকল্প। নতুন সরকারের ঘোষিত যুবশক্তি ভরসা কার্ড কবে থেকে চালু হবে, কারা এর সুবিধা পাবেন এবং আবেদনের জন্য কী কী নথির প্রয়োজন—তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাশ বেকার তরুণ-তরুণীদের জন্য এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, এই কার্ডের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা এবং স্নাতক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা প্রতি মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন। এই আর্থিক সহায়তার ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করার সুযোগ পাবেন।
আবেদন প্রক্রিয়া ও সময়সূচি
প্রকল্পটি ঘিরে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে আবেদন প্রক্রিয়া শুরু হওয়া নিয়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী অক্টোবর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হতে পারে। আবেদন জমা পড়ার পর শুরু হবে নথি যাচাই বা ভেরিফিকেশন পর্ব। সব ঠিকঠাক থাকলে নভেম্বর মাস থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। তবে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ বা সরকারি পোর্টাল সম্পর্কে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্রগুলি গুছিয়ে রাখা অত্যন্ত জরুরি। সম্ভাব্য নিয়ম অনুযায়ী যে সমস্ত নথির প্রয়োজন হতে পারে:
আবেদনকারীর সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে আধার কার্ড ও আধার-লিঙ্কড মোবাইল নম্বর।
ভোটার কার্ড এবং জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট)।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মার্কশিট।
উচ্চ মাধ্যমিক, স্নাতক বা উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্টিফিকেট ও মার্কশিট।
ব্যাংক অ্যাকাউন্ট বা পাসবুকের বিশদ বিবরণ।
কোথায় এবং কীভাবে আবেদন করবেন?
যুবশক্তি ভরসা কার্ডের জন্য একটি পৃথক সরকারি অনলাইন পোর্টাল চালু করা হতে পারে বলে খবর। এই পোর্টালের মাধ্যমেই প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি, অফলাইনেও আবেদন করার সুযোগ থাকতে পারে। সেক্ষেত্রে স্থানীয় মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এসডিও কিংবা বিডিও অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা থাকতে পারে।
কারা পাবেন এই সুবিধা?
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা এবং বেকার যুবক-যুবতীরাই কেবল এই প্রকল্পের সুযোগ পাওয়ার যোগ্য বলে গণ্য হবেন। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ২,০০০ টাকা অথবা ৩,০০০ টাকা আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।