বোর্ডের ক্যাশ বাক্সে কোটি কোটি টাকা! ভারতীয় দলের নতুন স্পনসর হিসেবে যুক্ত হলো চ্যাটজিপিটি ও এসবিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের ঘরে আসছে বিশাল অঙ্কের অর্থ। ঘরের মাঠের আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোর জন্য নতুন তিন অ্যাসোসিয়েট পার্টনারের নাম ঘোষণা করেছে বোর্ড। ক্যাম্পা কোলা, এসবিআই লাইফ এবং বিশ্বখ্যাত এআই প্ল্যাটফর্ম চ্যাটজিপিটিকে এই চুক্তির জন্য বেছে নেওয়া হয়েছে। ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে।
বোর্ডের পূর্ববর্তী পার্টনারশিপ চুক্তি গত আগস্ট মাসে শেষ হয়ে গিয়েছিল। এরপর নতুন করে দরপত্র আহ্বান করে বিসিসিআই। দীর্ঘ প্রক্রিয়া শেষে চূড়ান্ত হওয়া এই চুক্তির অধীনে আগামী ৩৫টি ম্যাচে ভারতীয় দলের সঙ্গে যুক্ত থাকবে এই তিন ব্র্যান্ড। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ ক্যাম্পা কোলা অ্যাসোসিয়েট পার্টনারশিপের জন্য সর্বোচ্চ দর হাঁকিয়েছে। তারা প্রতি ম্যাচের জন্য ১.৩১ কোটি টাকা দিচ্ছে। অন্যদিকে, এসবিআই লাইফ এবং চ্যাটজিপিটি উভয় সংস্থাই প্রতি ম্যাচে ১.২০ কোটি টাকার দর জমা দিয়েছে। এই সমস্ত চুক্তি থেকে আগামী ২০২৮ সালের মার্চ পর্যন্ত বোর্ডের তহবিলে মোট ১২৯.৮৫ কোটি টাকা আসার সম্ভাবনা রয়েছে।
নিয়ম অনুযায়ী, অ্যাসোসিয়েট স্পনসরদের নাম ভারতীয় দলের মূল জার্সিতে ছাপা থাকে না। জার্সির সামনের দিকে প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ার্সের নামই থাকবে। তবে অ্যাসোসিয়েট পার্টনারদের লোগো ম্যাচ চলাকালীন টেলিভিশনের পর্দায় গ্রাফিক্সে এবং মাঠের বাউন্ডারি কুশনে প্রদর্শিত হবে।
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ দিয়েই এই নতুন স্পনসরশিপের পথচলা শুরু হতে পারে। ঘরের মাঠে এই সিরিজে ভারতের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।