‘নধরের ভেলা’র সাফল্যের পর প্রদীপ্ত ভট্টাচার্যের বড় ধামাকা! পাশে ফের ঋত্বিক-অমিত?

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে সাধারণ দর্শকের মন—সব জায়গাতেই স্বাধীন ধারার চলচ্চিত্র ‘নধরের ভেলা’ দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে ছকভাঙা উপায়ে ছবি মুক্তি দিয়েও বাজিমাত করেছিলেন তিনি। এবার সেই সাড়াজাগানো কাজের পর নিজের পরবর্তী নতুন প্রজেক্ট নিয়ে বড় ঘোষণা দিলেন পরিচালক।
কাশ্মীর থেকেই পরিচালক দিলেন নতুন খবর:
বর্তমানে কাশ্মীরে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত রয়েছেন প্রদীপ্ত ভট্টাচার্য ও অভিনেতা অমিত সাহা। আগামী ৯ সেপ্টেম্বর সেখানে ‘নধরের ভেলা’র প্রদর্শনী হওয়ার কথা। আর এই আবহেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট লিখে পরিচালক জানান, “নতুন ছবি করার সময় চলে এসেছে ফ্রান্দস।” পরিচালকের এই এক লাইনের পোস্টের পর থেকেই টলিপাড়ায় জল্পনা তুঙ্গে ওঠে।
এবার পুরোপুরি হাসির সিনেমা:
নিজের আগামী কাজ নিয়ে মুখ খুলেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ২-৩টি বিষয় নিয়ে চিন্তাভাবনা চলছিল। প্রথমে খেলাধুলা কেন্দ্রিক কোনও গল্প নিয়ে কাজ করার কথা ভাবলেও শেষ পর্যন্ত তিনি একটি পুরোদস্তুর কমেডি সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পুরনো টিমেই ভরসা:
পরিচালকের নিজস্ব টিমের পরিচিত মুখেরা অর্থাৎ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং অমিত সাহাকেই এই নতুন কাজে দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পরিচালক জানান, চিত্রনাট্য নিয়ে এখনও দলের সকলের সঙ্গে চূড়ান্ত আলোচনা না হলেও খুব শীঘ্রই কাজ শুরু হতে চলেছে। প্রদীপ্ত-ঋত্বিক-অমিত জুটির এই নতুন রসায়ন আবারও যে রুপোলি পর্দায় এক অন্য স্বাদ আনবে, তা নিয়ে আশাবাদী সিনেমাপ্রেমীরা।