ভদোদরায় ৩৫ হাজার কোটির বিরাট উপহার মোদীর! ‘বিকশিত ভারত’ গড়তে নজিরবিহীন ঘোষণা প্রধানমন্ত্রীর

: ‘বিকশিত ভারত’ গড়ার যাত্রাকে আরও বেগবান করতে গুজরাটের ভদোদরায় ৩৫,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভদোদরার এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রেল, হাইওয়ে এবং ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর (WDFC)-এর তিনটি গুরুত্বপূর্ণ অংশ সহ একাধিক মেগা প্রকল্পের সূচনা করেন তিনি। একইসঙ্গে শহরের ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযানে অংশ নেওয়ার জন্য ভদোদরার বাসিন্দাদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজ আমি আপনাদের মধ্যে এসেছি বিকশিত ভারত গড়ার যাত্রাকে আরও গতি দেওয়ার জন্য।” তিনি উল্লেখ করেন, চলতি বছর লালকেল্লা থেকে তিনি ‘বিকশিত ভারত’-এর জন্য যে ‘সপ্তধারা’ বা সাতটি সংকল্পের ডাক দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলো ‘গতি শক্তি’। ২,৮০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ সম্পূর্ণ হওয়াকে একুশ শতকের ভারতের জন্য একটি “ঐতিহাসিক মাইলফলক” হিসেবে অভিহিত করেছেন তিনি।
কাজের সংস্কৃতি বদল নিয়ে খোঁচা: পূর্ববর্তী জমানাকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, এই ডেডিকেটেড ফ্রেট করিডর প্রকল্পের ভাবনা ২০০৪ সালে শুরু হলেও এবং ২০০৬ সালে বিশেষ কোম্পানি তৈরি হলেও ২০১৪ সাল পর্যন্ত তা ফাইলবন্দি হয়ে পড়েছিল। ফাইল শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরপাক খেত এবং আটকে থাকত। কিন্তু গত ১২ বছরে দেশের কাজের সংস্কৃতিতে আমূল পরিবর্তন এসেছে, যার জেরে আজ এই ঐতিহাসিক প্রকল্প সফলভাবে রূপায়ণ করা সম্ভব হয়েছে।
ভদোদরাকে ‘গতি শক্তি বিশ্ববিদ্যালয়’-এর পীঠস্থান হিসেবে উল্লেখ করে মোদী জানান, একটি উন্নত দেশের জন্য দ্রুত, সুবিধাজনক এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। নীতি, প্রযুক্তি এবং পরিকাঠামোর হাত ধরে ভারত যে আজ বিশ্বমঞ্চে নতুন গতিতে এগিয়ে চলেছে, ভদোদরার এই মেগা প্রকল্প তারই এক অনন্য উদাহরণ।