উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের ১১ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস! কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি?

রাজ্যে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া এবং দিঘার ওপর দিয়ে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার যৌথ প্রভাবেই মূলত বাংলায় বৃষ্টির এই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আপডেট
মঙ্গলবার পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই এবং ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে।
উত্তরবঙ্গের আবহাওয়া আপডেট
উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
অন্যদিকে, বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এরপর শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।