মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য! বোম্বে হাইকোর্টের ঝটিকায় আইনি জালে আরও জড়িয়ে পড়লেন রাহুল?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বড় ধরনের আইনি ধাক্কা খেলেন লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার এক শুনানিতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ‘কমান্ডার-ইন-থিফ’ ও ‘চিফ অব থিফ্টস’-এর মতো শব্দ ব্যবহারের জেরে দায়ের হওয়া ফৌজদারি মানহানির মামলা খারিজ করতে অস্বীকার করেছে বোম্বে হাইকোর্ট।
ম্যাজিস্ট্রেট আদালতের জারি করা সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। তাঁর যুক্তি ছিল, ওই ভাষণে তিনি নির্দিষ্ট করে কারও নাম নেননি বা কোনো শনাক্তযোগ্য গোষ্ঠীকেও লক্ষ্য করেননি। তবে কংগ্রেস নেতার এই যুক্তি খারিজ করে আদালত জানিয়েছে, বিজেপি একটি জাতীয় দল। প্রসঙ্গত, ২০১৮ সালে রাজস্থানের এক জনসভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল। যার জেরে বিজেপির কর্মী মহেশ শ্রীশ্রীমল মামলাটি দায়ের করেন। অভিযোগকারীর দাবি ছিল, এই মন্তব্যে যেমন প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তেমনই আঘাত লেগেছে দলীয় কর্মীদের অনুভূতিতেও। হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতে কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলাটি আইন অনুযায়ী চলতে বাধা নেই।
মহারাষ্ট্রে অবশ্য রাহুলের আইনি জটিলতা শুধু এই একটি মামলার মধ্যেই সীমাবদ্ধ নয়। থানে জেলার ভিওয়ান্ডি আদালতে তাঁর বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মানহানির মামলা বিচারাধীন রয়েছে। স্থানীয় আরএসএস কর্মী রাজেশ কুন্তের করা ওই মামলায় অভিযোগ, ২০১৪ সালের এক নির্বাচনী ভাষণে মহাত্মা গান্ধী হত্যাকাণ্ডে আরএসএসের হাত রয়েছে বলে দাবি করেছিলেন রাহুল। মামলাকারীদের মতে, এই ধরনের মন্তব্য সংগঠনের বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জোড়া আইনি কোপে কংগ্রেস নেতার রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ যে আগামী দিনে আরও বাড়ল, তা বলাই বাহুল্য।