চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ধামাকা! এক ধাক্কায় ১২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে স্টেট ব্যাঙ্ক

দেশের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর শুনিয়ে বড়সড় নিয়োগের ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। চলতি অর্থবর্ষের মধ্যেই দেশের বৃহত্তম এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রায় ১১,০০০ থেকে ১২,০০০ নতুন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশজুড়ে নতুন করে আরও ২৫০টি শাখা খোলার পাশাপাশি ক্লারিকাল এবং অফিসার পদেই মূলত এই বিপুল নিয়োগ সম্পন্ন হবে। সম্প্রতি এক সাংবাদসংস্থাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেঠি। ব্যাঙ্কের অন্দরে কর্মীদের অবসরকালীন শূন্যপদ এবং কাজের প্রকৃত প্রয়োজনের কথা মাথায় রেখেই এই নিয়োগের সংখ্যা চূড়ান্ত করা হয়েছে।

আইটি পদে নিয়োগ কমলেও অব্যাহত থাকবে চাকরির সুযোগ

এর আগে ২০২৫-২৬ অর্থবর্ষে রেকর্ড সংখ্যক কর্মী নিয়োগ করেছিল এসবিআই। ব্যাঙ্কের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর মোট ২৫,৬৩৩ জন কর্মীকে নিয়োগ করা হয়েছিল, যার মধ্যে ৪,৬৪০ জন অফিসার, ১৯,৩৪০ জন অ্যাসোসিয়েট এবং ১,৬৫৩ জন চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। চেয়ারম্যান সিএস শেঠি জানান, গত বছর ওই বিশাল নিয়োগের নেপথ্যে মূল কারণ ছিল বিপুল সংখ্যক আইটি অফিসার ও বিশেষজ্ঞ নিয়োগ করা। তবে চলতি বছরে সেই চাহিদা কিছুটা কম থাকায় আইটি ক্ষেত্রে তুলনামূলকভাবে কম নিয়োগ হবে। উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাস নাগাদ এসবিআই-এর মোট কর্মীর সংখ্যা ছাড়িয়ে গেছে ২.৪৫ লক্ষ, যা এই প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম বৃহত্তম কর্পোরেট নিয়োগকর্তায় পরিণত করেছে।

দেশজুড়ে খুলবে আড়াইশো নতুন শাখা

শুধু কর্মী নিয়োগই নয়, পরিকাঠামো বাড়াতেও বড় পরিকল্পনা হাতে নিয়েছে ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের মধ্যেই দেশজুড়ে নতুন করে আরও ২৫০টি শাখা খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে ব্যাঙ্কের চেয়ারম্যান সিএস শেঠি জানিয়েছেন, দেশের যে সমস্ত বাণিজ্যিকভাবে অত্যন্ত সক্রিয় জেলা রয়েছে এবং যেখানে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবার চাহিদা বেশি, সেই সমস্ত এলাকাকে চিহ্নিত করে নতুন ব্রাঞ্চ খোলা হবে। এছাড়া নতুন গড়ে ওঠা আবাসিক বা বসতি এলাকাগুলিতেও অগ্রাধিকারের ভিত্তিতে ব্যাঙ্কের নতুন শাখা চালু করবে কর্তৃপক্ষ।

অন্যদিকে, ব্যবসার পুনর্বিন্যাস ও যৌক্তিকরণের অংশ হিসেবে বর্তমান শাখাগুলির পারফরম্যান্স ও লাভের হিসাবও নিবিড়ভাবে খতিয়ে দেখছে ব্যাঙ্ক। এর পাশাপাশি বড় আর্থিক পদক্ষেপ হিসেবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এ নিজেদের শেয়ার বা অংশীদারিত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে এসবিআই। পরিকল্পনা অনুযায়ী, এসবিআই এবং এসবিআই ক্যাপিটাল মার্কেটস লিমিটেড যৌথভাবে এনএসই-তে তাদের ১ শতাংশ অংশীদারিত্ব কমাতে চলেছে। আর এই উদ্দেশ্যে প্রায় ৩০,০০০ কোটি টাকার একটি বিশাল আইপিও (IPO) আনার প্রস্তাবও বিবেচনাধীন রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *