ঠিক সকাল ৭টা ২ মিনিটে একযোগে ৩ শহরে হানা ইডি-র! তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়িতে কিসের খোঁজ চলছে?

ঘড়িতে তখন ঠিক সকাল ৭টা বেজে ২ মিনিট। পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের কাছে ১২ নম্বর দরগা রোডে হঠাৎই এসে পৌঁছায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর একটি দল। প্রায় একই সময় দিল্লির সরকারি বাসভবনের বাইরেও তৎপর থাকতে দেখা যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। বিপুল আর্থিক লেনদেন এবং সাম্প্রদায়িক উসকানি সংক্রান্ত মামলার জেরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মহম্মদ নাদিমুল হকের সঙ্গে সম্পর্কিত দিল্লি, রাঁচী ও কলকাতা—এই তিন রাজ্যের মোট ৭টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, প্রকাশনা সংক্রান্ত বিতর্ক, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ, বেআইনি আর্থিক লেনদেন এবং সন্দেহজনক উপায়ে অর্থের জোগান দেওয়ার একাধিক গুরুতর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চলছে। সাংসদ নাদিমুল হক উর্দু দৈনিক ‘আখবার-এ-মাশরিক’-এর ডিরেক্টর। মূলত এই সংবাদ সংস্থাকে কেন্দ্র করেই আর্থিক অনিয়মের তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। বিধাননগর থানার দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতে ইডি এর আগে ইসিআইআর (ECIR) নথিভুক্ত করে, যার জেরেই এই মেগা তল্লাশি অভিযান।

কোথায় কোথায় চলছে অভিযান?

কলকাতা: পার্ক সার্কাসের ১২ নম্বর দরগা রোডের বাড়িটি যেমন সাংসদের বসতবাড়ি, তেমনই সেটি সংশ্লিষ্ট উর্দু সংবাদপত্রেরও অফিস। জানা গিয়েছে, ওই পত্রিকার সম্পাদকীয় কলমে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার পাশাপাশি সংবাদপত্রের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রচুর আপত্তিকর লেনদেন হয়েছে। এছাড়া পার্ক সার্কাসের পি২৫৮ ঠিকানাতেও তল্লাশি চালাচ্ছেন আধিকারিকেরা।

দিল্লি: নাদিমুল হকের নামে দিল্লিতে যে সরকারি আবাসন বরাদ্দ রয়েছে, তা দীর্ঘদিন ধরে তৃণমূলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এদিকে অধিবেশন চলাকালীন সাংসদ নিজে বঙ্গভবনে অবস্থান করেন। সোমবার সকালেই সেই বাসভবনগুলিতেও হানা দেন ইডি আধিকারিকেরা।

ইডির প্রাথমিক তদন্তে এই সংবাদ সংস্থার অ্যাকাউন্টে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার আর্থিক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একই সঙ্গে তিন রাজ্যে এই আকস্মিক কেন্দ্রীয় হানায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *