বাড়ির আশপাশে একটু জমিতেই মিলবে বড় টাকা! নারকেল গাছ লাগাতে বিরাট অঙ্কের ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার

বাড়ির আশপাশে একটু ফাঁকা জায়গা রয়েছে? কিংবা নারকেল বাগান গড়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে এখন নারকেল গাছ লাগালেই মিলবে বড় অঙ্কের আর্থিক সাহায্য। সাধারণ মানুষকে নারকেল চাষে আরও বেশি করে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে মাথা পিছু প্রতিটি চারায় ৩৫০ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। কারা এবং কীভাবে এই সুবিধার লাভ তুলতে পারবেন, দেখে নিন এক নজরে।

পশ্চিমবঙ্গে নারকেল চাষের প্রসার ও উৎপাদন বাড়াতে নারকেল উন্নয়ন বোর্ড (CDB) এবং রাজ্য কৃষি দফতর যৌথভাবে এই বিশেষ ভর্তুকি প্রকল্প হাতে নিয়েছে। কৃষি দফতরের আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যের যেকোনো আগ্রহী চাষি বা উদ্যোগী কমপক্ষে ৫টি থেকে শুরু করে সর্বাধিক ৩২০টি পর্যন্ত নারকেল চারা লাগাতে পারেন। এর জন্য প্রতিটি চারায় মিলবে সর্বোচ্চ ৩৫০ টাকা পর্যন্ত সরকারি অনুদান। এছাড়া যাঁদের সাড়ে ৭ বিঘার বেশি জমি রয়েছে, তাঁরা যদি সুনির্দিষ্ট নিয়মে নারকেল বাগান তৈরি করেন, তবে ৩ লক্ষ ৬০ হাজার টাকা পর্যন্ত মোটা অঙ্কের ভর্তুকি পেতে পারেন। অবশ্য এই আর্থিক সুবিধা পেতে হলে সরকার অনুমোদিত উন্নত জাতের চারা রোপণ করাই শ্রেয়।

এই ভর্তুকির সুবিধা পেতে ইচ্ছুক আবেদনকারীদের প্রয়োজনীয় নথিপত্র সহ পশ্চিমবঙ্গ সরকারের নিকটবর্তী ডেভেলপমেন্ট বোর্ড বা স্থানীয় ব্লক কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড বা সরকারি পরিচয়পত্র, জমির বৈধ পর্চা, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং সচল মোবাইল নম্বর জমা দিতে হবে। সরকারের এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো, ভরতুকির পুরো টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে নিয়ম মেনে সঠিক দূরত্ব বজায় রেখে চারা রোপণ এবং গাছের নিয়মিত পরিচর্যা করা বাধ্যতামূলক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *