‘এখন আর বাবরওয়ালি সরকার নেই’!-মমতাকে তীব্র কটাক্ষ করে বাংলায় ‘ঘরওয়াপসি’র বিরাট দাবি ধীরেন্দ্র শাস্ত্রীর

তৃণমূল সরকারের আমলের বাধা পেরিয়ে অবশেষে বাংলায় এসে পৌঁছলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী। লিলুয়ার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গ এখন সম্পূর্ণ সুরক্ষিত হাতে রয়েছে এবং এখানে খুব শীঘ্রই রামরাজ্য প্রতিষ্ঠা হবে। তাঁর মতে, অতীতে রাজ্যে ধর্মীয় অনুষ্ঠান করার ক্ষেত্রে নানা বাধা তৈরি করা হলেও এখন সেই পরিস্থিতি আর নেই।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বাগেশ্বর বাবাকে মঞ্চে প্রণাম জানিয়ে তাঁর হাতে মা কালীর মূর্তি ও গদা তুলে দেন। পাশাপাশি, আগামী দিনে ব্রিগেডে এসে ১০ লক্ষ মানুষের বিশাল ধর্মসভা করার জন্য বাবাকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, বিগত সরকারের আমলে বাগেশ্বর বাবাকে ধর্মসভা করতে দেওয়া হয়নি, কিন্তু বর্তমান রাষ্টবাদী সরকারের আমলে হিন্দু ও সনাতনী ধর্মের চর্চা করতে আর কোনো বাধা থাকবে না।
অনুষ্ঠানে ধর্মান্তকরণ ও অনুপ্রবেশ ইস্যুতে অত্যন্ত চড়া সুরে আক্রমণ শানান ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি হুশিয়ারির সুরে বলেন, সীমান্ত দিয়ে যে দেশবিরোধীরা এতদিন রাজ্যে প্রবেশ করত, তারা যেন কান খুলে শুনে রাখে—এখন রাজ্যে কোনো ‘বাবরওয়ালি’ সরকার নেই, বরং ‘রঘুবীরওয়ালা’ সরকার ক্ষমতায় রয়েছে। যাঁদের ভারতের মাটিতে থেকে পাকিস্তানের গুণগান গাইতে ভালো লাগে, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, “কায়দায় থাকুন, কায়দায় থাকলে ফায়দায় থাকবেন।” এছাড়াও সীমান্তবর্তী এলাকায় গিয়ে ধর্মান্তকরণের বিরুদ্ধে বড় সভার হুংকার দিয়েছেন এই ধর্মীয় গুরু।